বিএনপি ও জাতীয় পার্টির ১০২ নেতা-কর্মীর আ.লীগে যোগদান
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গতকাল সোমবার বিএনপি ও জাতীয় পার্টির ১০২ জন নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। ওই যোগদান উপলক্ষে জনসভার আয়োজন করে উপজেলার জাবরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল চারটায় জাবরহাট ইউনিয়নের চন্দরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই জনসভা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের চন্দরিয়া ওয়ার্ডের সভাপতি মো. সাহেব আলী। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ মো. ইমদাদুল হক। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আখতারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. কশিরুল আলম প্রমুখ।
সভায় চন্দরিয়া আমিরপাড়া, হাজিপাড়া, চাইপাড়া, কামারপাড়া, ডাঙ্গীপাড়াসহ চন্দরিয়া বাজার এবং আশপাশের এলাকার নয়টি পাড়ার বিএনপি ও জাতীয় পার্টির বিভিন্ন স্তরের ১০২ নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। প্রধান অতিথি মো. ইমদাদুল হক তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন।