বিএনপি ও জাপার সহস্রাধিক নেতা-কর্মীর আ.লীগে যোগদান
সিরাজগঞ্জ সদরের কালিয়াহরিপুর ইউনিয়নের বিএনপি ও জাতীয় পার্টির সহস্রাধিক নেতা-কর্মী গতকাল রোববার আওয়ামী লীগে যোগদান করেছেন।
কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে নেতা-কর্মীরা স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাতের হাতে নৌকা প্রতীক ও ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। মিজানুর রহমান জেলা বিএনপির সাবেক সদস্য ও কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
এ উপলক্ষে পাইকপাড়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন। সভায় বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা বেগম, যোগদান-কারীদের মধ্যে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহেদ খান, সদর উপজেলা যুবদলের সভাপতি আবদুর রহমান প্রমুখ।
যোগদানকারী নেতা-কর্মীরা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে হাবিবে মিল্লাতের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিকে বেগবান করার লক্ষ্যে যোগদান করলাম।