ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে নওগাঁর মান্দার ১৪টি ও জামালপুরের সরিষাবাড়ীর সাতটি ইউপিতে আজ শনিবার ভোট হবে। মান্দায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীরা। সরিষাবাড়ীতে বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থীদের ভয়ে এলাকাছাড়া হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মান্দা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার সব কটি ইউপিতে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী রয়েছেন। ১১টি ইউপিতে আওয়ামী লীগের ও ছয়টিতে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে নয়টি ইউপিতে জামায়াতের নেতারা লড়াই করছেন। গণেশপুর ইউপির চেয়ারম্যান ও বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী বলেন, প্রচারণা শুরুর পর থেকেই তাঁর কর্মী ও সমর্থকদের হুমকি দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীর লোকজন। গতকাল শুক্রবার পর্যন্ত তাঁর ১১ জন কর্মী হামলায় আহত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী হানিফ উদ্দীন বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বলেন, ‘প্রচারণা শুরুর পর থেকে বিএনপির প্রার্থী ও তাঁদের কর্মীদের প্রকাশ্যে এবং মুঠোফোনে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আমাদের সংশয় রয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক মোল্লা বলেন, ‘গণেশপুর ও কাঁশোপাড়ায় সংঘাতের খবর আমাদের কানে এসেছে। কোনো ঝামেলায় না জড়াতে দলীয় প্রার্থীদের সতর্ক করে দেওয়া হয়েছে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন নিয়ে যে শঙ্কা প্রকাশ করছেন, তা সত্যি হওয়ার কোনো আশঙ্কা নেই।
সরিষাবাড়ীর সাতপোয়া ইউপির বিএনপির প্রার্থী আবদুল হাই তালুকদার বলেন, ‘আমার গণসংযোগে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা হামলা করে উল্টো ৫৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ায় গ্রেপ্তারের ভয়ে আমি ও আমার নেতা-কর্মীরা এলাকায় থাকতে পারছি না।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বলেন, ‘বিএনপির প্রার্থীর প্রচারণায় আওয়ামী লীগের লোকজন বাধা দেয়নি। আমাদের লোকজন বিএনপির কোনো প্রার্থীকে এলাকাছাড়া করেনি।’