বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটকেন্দ্র দখল ও পোলিং এজেন্টদের বাধাদানসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে এসব অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন বিএনপি-সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীরা।
নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. আলমগীর হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাঁর ভোট ৫২ হাজার ৭৩২টি। অপরদিকে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. সিরাজুল ইসলাম ১৫ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মেহবুব কবির পেয়েছেন ১০ হাজার ৬৭৫ ভোট।
আলমগীর হোসেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সিরাজুল ইসলাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৭৫টি। ভোটার সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৪০১। নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে।
বিএনপি-সমর্থিত প্রার্থী মো. সিরাজুল ইসলাম দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে ভোট বর্জনের ঘোষণা দেন। তিনি এ সময় অভিযোগ করেন, আলমগীর হোসেনের লোকজন বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে বিভিন্ন ভোটকেন্দ্র দখল করে নেয়। বের করে দেওয়া হয় তাঁর পোলিং এজেন্টদের। এরপর জাল ভোটের উৎসব চলেছে। এ ছাড়া তিনি শিলাকোঠা মাদ্রাসা ভোটকেন্দ্রে গেলে তাঁর ওপর হামলাও হয়েছে। এসব কারণে তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
একই ধরনের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মেহবুব কবিরও। বেলা পৌনে একটার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের ফটকের সামনে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি সাংবাদিকদের বলেন, নয়াবাড়ী, নারিশা, মোকশেদপুর, বিলাশপুরসহ প্রায় সব কটি ভোটকেন্দ্রে বহিরাগত সন্ত্রাসীরা দখল করে নিয়ে ভোট দিয়েছে। তাঁর পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।
তবে মো. আলমগীর হোসেন এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। হেরে যাওয়ার ভয়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
জানতে চাইলে দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, নির্বাচন চলাকালে কোনো প্রার্থীর নির্বাচন বর্জন করার যৌক্তিকতা নেই। অনিয়মের অভিযোগগুলো সম্পর্কে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী মেহবুব কবিরের একটি লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। তবে এসব অভিযোগ সঠিক নয়।
কয়েকটি কেন্দ্রের চিত্র: বেলা একটা। ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। সেখানে অবস্থানরত বিএনপি-সমর্থিত প্রার্থীর নেতা-কর্মীদের হঠাৎ ধাওয়া করে বিতাড়িত করেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর নেতা-কর্মীরা। খবর পেয়ে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে ছবি তুলতে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের রোষানলে পড়েন। এ সময় যুগান্তর-এর শ্রীনগর প্রতিনিধি আউলাদ হোসেনের ক্যামেরা ভাঙচুর করা হয়। বাংলানিউজ টোয়েন্টিফোরের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি শেখ সালাহ্উদ্দিন বাচ্চু ও এশিয়া বার্তার প্রতিনিধি জাকির হোসেন আহত হন।
আউলিয়াবাদ, ইকরাশী, মেঘুলা, নারিশা, সুতারপাড়া, পশ্চিম সুতারপাড়া, দোহার নূরপুর, কার্তিকপুর উচ্চবিদ্যালয়, জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয়, জয়পাড়া বেগম আয়শা গার্লস উচ্চবিদ্যালয়, চর হোসেনপুর কেন্দ্রে ঘুরে বেলা একটা পর্যন্ত ভোটার উপস্থিতি একেবারে কম দেখা গেছে।
লটাখোলা হাইস্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার রয়েছেন মাত্র কয়েকজন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর আনারস প্রতীকের কয়েকজন কর্মী বুথের সামনে ঘুরে বেড়াচ্ছেন। কয়েকজন কর্মী বিদ্যালয়ের ফটক থেকে ভোটারদের বুথে নিয়ে যাচ্ছেন। তবে কেন্দ্রের ১ নম্বর বুথের সহকারী প্রিসাইডিং অফিসার প্রকাশ চন্দ্র বললেন, অসুস্থ ভোটারদের তাঁদের আত্মীয়রা এভাবে নিয়ে আসছেন। অন্যদের আসার সুযোগ নেই।
লটাখোলা আজহার আলী মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্রে গিয়েও একই অবস্থা দেখা গেল। এখানে সাধারণ ভোটারদের চেয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজনের ভিড়ই বেশি ছিল।
চরহোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নির্বাচন পরিচালনায় দায়িত্বে থাকা কর্মকর্তা, পোলিং এজেন্ট ও বেশ কয়েকজন বহিরাগত যুবক খাওয়া-দাওয়া করছেন। জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা নগেন্দ্র কুমার সিংহ বলেন, ‘আমরা নিজেদের টাকায় খাবার খাচ্ছি। এখানে বহিরাগতদের খাওয়ার সুযোগ নেই।’