বিএনপি কখনই ক্ষমতায় আসতে পারবে না, মন্তব্য নৌমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাজাহান খান
শাজাহান খান

আগুনে মানুষ পোড়ানোসহ নানা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে বিএনপি আর কখনোই রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। আজ রোববার জাতীয় নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০১৫ উদ্বোধন উপলক্ষে ঢাকা নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শাজাহান খান বলেন, খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় থেকে অসংখ্য মানুষকে হত্যা করেছেন। ক্ষমতার বাইরে থেকেও আগুনে পুড়িয়ে মানুষ মেরেছেন। জননিরাপত্তা বিঘ্ন করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সব ধরনের চেষ্টাই তিনি করছেন। তাদের ভণ্ডামি ও মিথ্যাচার জনগণের কাছে ধরা পড়ে গেছে। বিএনপি’র এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে তারা আর কখনোই রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।

নৌমন্ত্রী আরও বলেন, এ সরকার সপ্তমবারের মতো নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করছে, পূর্বের কোনো সরকার এ ধরনের কর্মসূচি পালন করেনি।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম জাকিউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো. মিজানুর রহমান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার একেএম ফখরুল ইসলাম ও অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে সদরঘাট টার্মিনাল থেকে পাগলা পর্যন্ত একটি বর্ণাঢ্য নৌ-র‌্যালি বের করা হয়।