ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, বিএনপি কখনো ভারতবিরোধী রাজনীতি করেনি, করছে না, করবেও না। বিএনপি দেশের স্বার্থে কাজ করে। এটাকে ভারতবিরোধিতা বলা যাবে না।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন।
আগামী ৬ জুন ঢাকায় আসছেন নরেন্দ্র মোদি। এই সফরকালে তাঁর সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কোনো বৈঠক হবে কি না, জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সফরসূচির বিস্তারিত আগে থেকে ঘোষণা করা হয় না। গোপন রাখা হয়। তাই তাঁরা এখন এ বিষয়ে কিছু বলতে পারছেন না।
দেশের রাজনৈতিক সংকট নিয়ে মোদির সফর কোনো প্রভাব ফেলবে কি না, বা ভারতের প্রধানমন্ত্রী কিছু বলবেন বলে বিএনপি আশা করে কি না, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই। এটি দেশের অভ্যন্তরীণ ব্যাপার। সারা বিশ্ব তা জানে। অভ্যন্তরীণ এ বিষয়টি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী কথা বলবেন, তা বিএনপি প্রত্যাশা করে না। তিনি বলেন, প্রতিবেশী দেশে গণতন্ত্র বিন্যস্ত হোক, তা হয়তো সবাই চায়। সে ধরনের পরিবেশ থাকলে ‘কমফোর্ট ফিল’ করে।
সংকট সমাধানে সংলাপের দাবি: বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, ‘গণতন্ত্রের ভাষা সংলাপ। চলমান রাজনৈতিক সংকটের সমাধানে আমরা সংলাপ চাই।’
মাহবুবুর রহমান বলেন, জিয়াউর রহমান যে চেতনা ও আদর্শ নিয়ে বিএনপি গড়েছেন, তাতে হতাশার কোনো স্থান নেই।