বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ
ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কারের প্রতিবাদে রাজধানীর পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলের পদবঞ্চিত নেতা-কর্মীরা বিক্ষোভ করছেন। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ পাওয়া পদবঞ্চিত সাতজন জবাব দিতে বর্তমানে কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন।
বহিষ্কৃত তিন নেতা হলেন ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু সাঈদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার ও বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক গাজী রেজাওনুল হক।
আর কারণ দর্শানোর নোটিশ পাওয়া সাতজন হলেন ছাত্রদলের সাবেক সহসভাপতি জাভেদ হাসান, তরুণ দে, সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, ফেরদৌস আহমেদ ও সাবেক সহসাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম এবং নাহিদুল ইসলাম ও জাকির হোসেন।
আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে পদবঞ্চিত নেতারা মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে কার্যালয়ের সামনে জড়ো হন। তাঁরা বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। এ ছাড়া বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এবং সহ–ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিনকে ষড়যন্ত্রকারী আখ্যা দিয়ে তাঁদের বহিষ্কারের দাবি জানান পদবঞ্চিতরা।
অন্যদিকে বিকেল সোয়া চারটার দিকে কারণ দর্শানোর নোটিশ পাওয়া সাতজন কার্যালয়ে আসেন। দপ্তরের দায়িত্বে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে তাঁরা জবাব দিচ্ছেন।