
খুলনা ও গাজীপুর থেকে শিক্ষা নিয়ে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জয়ের জন্য নতুন কৌশল নির্ধারণে ব্যস্ত বিএনপি। গত সোমবার দলের কৌশল নির্ধারণী এক সভায় বলা হয়েছে, রাজশাহীকে কোনোভাবেই ‘খুলনা বা গাজীপুর’ বানাতে দেওয়া হবে না। তবে সরকারি দল আওয়ামী লীগে কোনো উৎকণ্ঠা নেই। এই দলের নেতারা মনে করছেন, ভোটের হাওয়া তাঁদের অনুকূলে।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এবার বিএনপি থেকে প্রার্থী হয়েছেন মহানগর বিএনপির সভাপতি ও সদ্যবিদায়ী মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। আওয়ামী লীগ থেকে প্রার্থী হয়েছেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
এখানে বিএনপির মূল উৎকণ্ঠা সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে। বিএনপির প্রার্থী বলেছেন, খুলনা ও গাজীপুরে যেভাবে বিএনপিকে হারানো হয়েছে, রাজশাহীতে যাতে সরকার তা করতে না পারে, সে জন্য তাঁরা নতুন কৌশল ঠিক করছেন। গাজীপুরে যেভাবে নির্বাচনী এজেন্ট না দেওয়ার উল্টো অভিযোগ তোলা হয়েছে, রাজশাহীতে সেই সুযোগ প্রশাসনকে দেওয়া হবে না। তাঁরা নির্বাচনের দুই দিন আগে থেকেই এজেন্টদের পরিচয় উন্মুক্ত করে দেবেন। তাঁদের পরিচয়পত্র প্রয়োজনে নির্বাচন কমিশন ও পুলিশের কাছে জমা দেবেন। কেউ এ অভিযোগ করতে পারবে না যে বিএনপি এজেন্ট দেয়নি। মোসাদ্দেক হোসেন বলেন, গাজীপুরের অভিজ্ঞতায় তাঁরা শঙ্কিত। আগে থেকে তাঁদের নেতা-কর্মীদের মামলা দিয়ে বাড়িছাড়া করা হয়েছে। এখন তাঁরা নতুন মামলার আশঙ্কা করছেন।
নির্বাচনী কৌশল নির্ধারণ করতে গত সোমবার আয়োজিত দলের বর্ধিত সভায় সিদ্ধান্ত হয়েছে, বিএনপি এবার মেয়র প্রার্থীর সঙ্গে কাউন্সিলরের ভোট গুলিয়ে ফেলবে না। কাউন্সিলররা নিজ দায়িত্বে ভোট করবেন। এই সভায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার বলেছেন, এটি গাজীপুর নয়, এটি রাজশাহী। রাজশাহী বিএনপির ঘাঁটি। এখানে ষড়যন্ত্র হলে বিএনপির নেতা-কর্মীরা প্রতিহত করবেন। সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হকও একই ধরনের বক্তব্য দেন। সভায় মিজানুর রহমানকে প্রধান করে ৭৩ সদস্যের নির্বাচনী কমিটি ঘোষণা করা হয়েছে।
মাঠে সরব আওয়ামী লীগ
এখনো নির্বাচনী প্রচারণা শুরু হয়নি। তবে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা সদলবলে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। ঘরোয়াভাবে সভা ও মতবিনিময় করছেন। দলটির থানা কমিটি, ওয়ার্ড কমিটি, মহল্লা কমিটি আগেই প্রস্তুত করা হয়েছে। তফসিল ঘোষণার পরদিন থেকেই মহানগরে আওয়ামী লীগের ভোটের বাজনা বেজে ওঠে। তারা নগরের সব দর্শনীয় জায়গা সুদৃশ্য ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে ফলে। গত ২০ জুন নির্বাচন কমিশনের নির্দেশে এগুলো সরিয়ে নেওয়া হয়।
আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান বিভিন্ন পেশাজীবীর সঙ্গে বৈঠক করে রাজশাহীর উন্নয়নের জন্য তাঁকে আরেকবার সুযোগ দেওয়ার অনুরোধ করছেন। অতীতে যদি ভুল করে থাকেন, তার জন্য তিনি করজোড়ে ক্ষমা প্রার্থনা করছেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, রাজশাহীর মানুষ উন্নয়নের স্বার্থে এবার নৌকায় ভোট দেবেন। তাঁরা আর ভুল করবেন না। আজ রাজশাহীর রিকশাওয়ালা পর্যন্ত এ কথা বুঝে গেছেন।
নতুন ভোটারদের মধ্যে নগরের উন্নয়নকে কেন্দ্র করে ভোট দেওয়ার ভাবনা লক্ষ করা যাচ্ছে। রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থী সজীব জয়সোয়াল এমনটিই বললেন। তাঁর কথা হচ্ছে, প্রথম ভোটটি তিনি শুধু দলের দিকে তাকিয়ে দেবেন না। উন্নয়নের স্বার্থে প্রার্থীর যোগ্যতা দেখে দেবেন।
৩০ জুলাইয়ের নির্বাচনে মেয়র পদে এখন পর্যন্ত ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী ছাড়া অপর চার প্রার্থী হলেন গণসংহতি আন্দোলন-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মুরাদ মোর্শেদ, জাতীয় পার্টির ওয়াসিউর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম।