বিএনপি ক্ষমতা দখলকারী: প্রধানমন্ত্রী

বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচন বন্ধ করতে বারবার আঘাত কেন? কাকে খুশি করার জন্য এ হামলা? বিএনপি ক্ষমতা দখলকারী। রক্তের ওপরই তাদের জন্ম। রক্ত নিয়েই তারা খেলতে চায়। মানুষকে অন্ধকারে ঠেলে দিয়ে উল্লসিত হবেন না।’
আজ শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত ‘রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক ফটো অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
৫ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি-জামায়াতের সহিংসতার চিত্র এই ফটো অ্যালবামে স্থান পেয়েছে। প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় ৫ জানুয়ারির নির্বাচনের আগে সহিংসতায় আহত ও নিহত ব্যক্তিদের স্বজনেরা মঞ্চে উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা নির্বাচনের আগের ঘটনা বর্ণনা করে বলেন, ‘ওই সময় হাজার হাজার ঘটনা ঘটেছে। একটাই প্রশ্ন—স্বাধীন বাংলাদেশে আর কত রক্ত ঝরবে? কেন আমার বোন বিধবা হবে? এই তাণ্ডব হয়েছিল কেন? নির্বাচন ঠেকাতে, নির্বাচন বন্ধ করতে এই ধরনের হামলা হয়েছিল। আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারা কোন ধরনের আন্দোলন?’ পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে সহিংসতায় ১৭ জন পুলিশ, দুজন বিজিবি ও দুজন গোয়েন্দা সদস্য নিহত হন।
প্রধানমন্ত্রী বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের আগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমরা তাদের সহযোগিতা করেছি, আগামীতেও করব। স্বজন হারানোর বেদনা আমার চেয়ে কেউ বেশি বুঝবে না। কারণ, আমি এক দিনে সবাইকে হারিয়েছি। ওই সময় যাদের স্বজন মারা গেছে, তাদের ফেরত দিতে পারব না। কিন্তু আমি বেঁচে থাকা পর্যন্ত তাদের সহযোগিতা করে যাব।’
আন্দোলনের নামে সহিংসতাকারীদের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘আসলে আন্দোলনের নামে যারা হত্যা করে, তাদের কোনো রাজনৈতিক সংজ্ঞা নেই। যারা মানুষ হত্যা করে, তারা ক্ষমতায় এসে দেশকে কী দেবে? এটা আমার প্রশ্ন।’ তিনি বলেন, বাংলাদেশের মাটিতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে জন্য দেশবাসীকে সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘গত নির্বাচনের আগে বিএনপি-জামায়াত যে আক্রমণ চালিয়েছিল, তার সঙ্গে নয় মাস মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীর হামলার মিল রয়েছে। বিএনপির কার্যক্রম ও আক্রমণের সঙ্গে পাকিস্তানি বাহিনীর অমিল নেই।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপপরিষদের সভাপতি এইচ টি ইমামের সভাপতিত্বে ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী, উপদেষ্টা পরিষদ ও সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।