বিএনপি ক্ষমতায় গেলে সম্প্রচার নীতিমালা বাতিল হবে: মওদুদ
বিএনপি ক্ষমতায় গেলে সম্প্রচার নীতিমালা বাতিল করবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেছেন, সরকার গণতন্ত্রের আবরণে সংবাদপত্রকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অতীতে সংবাদপত্রের ওপর যারা হাত দিয়েছে, তাদের হাত পুড়ে গেছে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনা সভায় গতকাল শুক্রবার মওদুদ এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
আয়োজকদের দাবি, মওদুদ নয় মাস পর এই অনুষ্ঠানের মাধ্যমে এসেছেন জনগণের সামনে। এর পরিপ্রেক্ষিতে মওদুদ বলেন, ‘অনেক দিন যাবৎ কোনো কথা বলার জন্য অনুপ্রাণিতবোধ করিনি। দেশে কোনো রাজনীতি নেই, তাই উৎসাহিত হইনি।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কোনো টেলিভিশন চ্যানেল বন্ধ করা হবে না, সাংবাদিকদের আর সাংবাদিকতার জন্য জেলে যেতে হবে না। বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশনসহ গণতন্ত্র সুসংহত করে—এমন প্রতিষ্ঠানগুলোর ওপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, ‘গণতন্ত্র, আইনের শাসন এবং ব্যক্তি অধিকার অনেক আগেই হারিয়ে গেছে। বাকি আছে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পতাকাটি। সেটা কত দিন টিকবে, তাও বলতে পারছি না।’
বিএফইউজের (একাংশ) সিনিয়র সহসভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ডিইউজের (একাংশ) সভাপতি আবদুল হাই শিকদার, বিএফইউজের মহাসচিব এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ও ডিইউজের সাবেক সভাপতি আবদুস শহীদ।