বিএনপি ক্ষমতায় থাকলেও মানুষ খুন করে, বিরোধী দলে থাকলেও খুন করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা ও পেট্রলবোমা হামলার কথা উল্লেখ করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি এমনই একটা দল, যারা ক্ষমতায় থাকলেও মানুষ খুন করে, বিরোধী দলে থাকলেও খুন করে। ক্ষমতায় থাকতে গ্রেনেড-গুলি আর এখন পেট্রলবোমা দিয়ে তারা মানুষ মারছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণচেষ্টার কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপিকে হায়েনাদের সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘যারা হায়েনার সঙ্গে সংলাপের কথা বলে, তারা পাগলের প্রলাপ বকে। আমরা হায়েনার সঙ্গে কথা বলি না, বলবও না।’
জয়কে অপহরণচেষ্টার কথিত ষড়যন্ত্রে বিএনপির হাইকমান্ড জড়িত প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, বিএনপির হাইকমান্ড ওই (তারেক রহমান) ফেরারি আসামি এবং তার মা (খালেদা জিয়া)।
মাহবুব উল আলম হানিফ খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘এখনো শোধরানোর সময় আছে। হত্যার দায় স্বীকার করে সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসুন। অন্যথায় আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’ এ ছাড়া জয়ের অপহরণ ষড়যন্ত্রের নির্দেশদাতা ও ইন্ধনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য মার্কিন সরকারের প্রতিও আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।