বিএনপি আবার ক্ষমতায় গেলে বিচারবহির্ভূত হত্যা বন্ধ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেছেন, কেউ গুম হবে না, কাউকে বিনা বিচারে কারাগারে আটকে রাখা হবে না।
গতকাল রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মওদুদ এসব কথা বলেন। আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে বিএনপি ওই সভার আয়োজন করে।
এখন দেশে জবাবদিহিমূলক সরকার নেই বলে গুম-খুন হচ্ছে দাবি করে মওদুদ আহমদ বলেন, ‘দৃঢ়ভাবে বলতে পারি যে বিএনপি আবার যদি ক্ষমতায় যায়, বাংলাদেশে কোনো ব্যক্তি গুম হবে না এবং বিনা বিচারে আটক রাখা হবে না। কাউকে বিচারবহির্ভূত হত্যার শিকার হতে হবে না। আমরা এটা বন্ধ করে দেব।’
বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল, ক্ষমতায় গেলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করবে। ক্ষমতায় এসে তারা তা ভুলে গেছে। জনগণের ভোট পাওয়ার জন্য তারা এ কথা বলেছিল। মওদুদ প্রশ্ন রাখেন, সরকার সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর কথা বলছে। কিন্তু একের পর এক হত্যাকাণ্ড কেন হচ্ছে?
মওদুদ আহমদ আরও বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করলে দেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণ ঘটানো সম্ভব।
সভায় বিভিন্ন সময় ‘নিখোঁজ’ হওয়া ছাত্রদলের নেতাদের কয়েকজন স্বজন বক্তব্য দেন। ২০১৩ সালের ডিসেম্বর থেকে নিখোঁজ ছাত্রদলের নেতা সাজিদুল ইসলাম। তাঁর বোন আঁখি বলেন, তাঁরা বিভিন্ন দপ্তরে ঘুরে আশ্বাস ছাড়া কিছুই পাননি। যাঁরা গুম হয়েছেন তাঁদের পরিবার নতুন করে নির্যাতনের মুখে পড়েছে। সামনে ঈদ আসছে কীভাবে বাচ্চারা ঈদ করবে তা কেউ জানে না। তিনি সাজিদুলকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেন।
নিখোঁজ রাজধানীর বংশাল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের শিশুসন্তান রিধি বলে, তার বাবা হারিয়ে গেছে। সে বাবাকে ফিরে পেতে চায়। বাবার কাছে যেতে চায়। বাবাকে ছাড়া তার ঈদ করতে ভালো লাগে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমদ আযম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।