বিএনপি-খালেদা চক্রকে অচল করতে হবে: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে  কর্ণেল তাহের মিলনায়তনে জাসদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত
জাতীয় শোক দিবস উপলক্ষে কর্ণেল তাহের মিলনায়তনে জাসদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: সংগৃহীত

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশকে বাংলাদেশের পথে সচল ও নিরাপদ রাখতে খুনি-জঙ্গি উৎপাদন ও পুনরুৎপাদন কারখানা বিএনপি-খালেদা চক্রকে অচল করতে হবে।’
আজ শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ইনু এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘যত দিন খুনের কাঁচামাল সরবরাহের কারখানা জঙ্গিবাদী জামায়াত ও এর আশ্রয়দাতা বিএনপি-খালেদা চক্র সক্রিয় থাকবে, তত দিন নিরাপত্তা ও উন্নয়ন বারবার বাধার মুখে পড়বে। এই সামরিক-সাম্প্রদায়িক-ধর্মতন্ত্র মিশ্রিত গোঁজামিলতন্ত্র প্রণেতা চক্রকে ঐক্যবদ্ধভাবে ধ্বংস করে বৈষম্যহীন, গণতান্ত্রিক, সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমেই জাতির পিতার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।’

সভায় জাসদ এ ধরনের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে বলেও মন্ত্রী অঙ্গীকার করেন।
বিএনপিকে পঁচাত্তরে জন্মানো রাজনীতির ‘বিষবৃক্ষ’ বলে বর্ণনা করে হাসানুল হক ইনু বলেন, ‘বিষবৃ‌ক্ষের শুধু ডালপালা ছাঁটলেই হবে না, তাকে সমূলে উপড়ে ফেলতে হবে।’
তথ্যমন্ত্রী বক্তব্যের শুরুতে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারসহ এই দিনে ঘাতকদের হাতে শহীদ সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে সাম্প্রদায়িক খুনিচক্র পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করে। জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে তারা বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু ঘাতকদের সেই ষড়যন্ত্র সফল হয়নি, শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আবার বাংলাদেশের পথে ফিরে আসছে।’
জাসদের মহানগর সমন্বয়ক মীর হোসেন আখতারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাজমুল হক প্রধান, শরীফ নুরুল আম্বিয়া, আফরোজা হক রীনা হাবিবুর রহমান, নাদের চৌধুরী প্রমুখ।