বিএনপি ঘরানার দলগুলোর প্রতি আগ্রহ এরশাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচ এম এরশাদ
এইচ এম এরশাদ

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন জোট গঠনের ক্ষেত্রে বিএনপি ঘরানার রাজনৈতিক দলগুলোর দিকে নজর দিয়েছে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। এ লক্ষ্যে বিএনপি জোটের সাবেক ও বর্তমান একাধিক শরিক দলের সঙ্গে বৈঠক করেছে দলটি। আরও কয়েকটি ছোট দলের সঙ্গে যোগাযোগ রাখছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ শনিবার জাপা সভাপতিমণ্ডলীর সভা ডেকেছে।
জাপার দায়িত্বশীল সূত্রগুলো জানায়, জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ ইতিমধ্যে বিএনপি জোটের সাবেক দুই শরিক দল ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। বিএনপি জোটের আরও একটি দলকে জোটে ভেড়ানোর চেষ্টা চলছে। রাজনৈতিক দল হিসেবে এই দল তিনটির নিবন্ধন আছে। ইসলামপন্থীদের মধ্যেও এ তিনটি দলের প্রভাব আছে।
নতুন জোট নিয়ে এরশাদের সঙ্গে আলোচনায় ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে অংশ নেন দলটির প্রয়াত চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর ছেলে আবুল হাসানাত আমিনীসহ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। আর বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে বৈঠক করেন দলটির প্রয়াত নেতা শায়খুল হাদিস আজিজুল হকের ছেলে মাওলানা মাহফুজুল হকসহ কয়েকজন নেতা। এর মধ্যে ইসলামী ঐক্যজোট গত বছরের জানুয়ারিতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট থেকে বেরিয়ে আসে। খেলাফত মজলিস বিএনপি-জোট ছাড়ে ২০০৬ সালে।
নতুন জোট গঠনের বিষয়ে জানতে চাইলে জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের প্রথম আলোকে বলেন, ‘অনেকেই যোগাযোগ করছে। এর মধ্যে কেউ কেউ ২০ দলে আছে বা ছিল। এর বাইরেও কিছু দল আছে। তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। কিছু বিষয়ে একমত হলে আমরা নির্বাচনী ঐক্য গড়তে পারি।’
নতুন জোট গঠনের লক্ষ্যে সম্প্রতি এরশাদ ১৫টি নিবন্ধনহীন ও অপরিচিত রাজনৈতিক দলের সঙ্গেও মতবিনিময় করেন। দলগুলোর মধ্যে বাংলাদেশ লেবার পার্টি, আমজনতা পার্টি, আওয়ামী পার্টি, ইসলামী ডেমোক্রেটিক পার্টি, গণ-অধিকার পার্টি, ইসলামী গণ-আন্দোলন, তফসিল ফেডারেশন, জাতীয় হিন্দু লীগ, সচেতন হিন্দু পার্টি উল্লেখযোগ্য।
ইসলামী ঐক্যজোটের একটি সূত্র জানায়, তারা এরশাদের সঙ্গে আলোচনায় সম্ভাব্য জোটে ‘হিন্দু লীগ’ বা এ-জাতীয় কোনো দলকে অন্তর্ভুক্ত না করাসহ কিছু শর্ত দিয়েছে।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী প্রথম আলোকে বলেন, ‘উনি (এরশাদ) জোট গঠনে আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা কথাবার্তা বলেছি, কিন্তু এখনো সিদ্ধান্ত নিইনি, চিন্তাভাবনা করছি।’
জোট গঠনে এরশাদের প্রস্তাব নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী কমিটি বৈঠক করেছে। দলটির যুগ্ম মহাসচিব আতাউল্লাহ প্রথম আলোকে বলেন, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি আরও কিছুদিন পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় পার্টির দায়িত্বশীল একটি সূত্র জানায়, চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশকেও জোটে ভেড়ানোর চিন্তাভাবনা চলছে। অবশ্য ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ জাপার সঙ্গে জোট করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এরশাদের নেতৃত্বে ‘ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট’ গঠন নিয়ে অসুখকর অভিজ্ঞতার কথা উল্লেখ করেন।
ধর্মভিত্তিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সঙ্গেও জাপার এক দফা বৈঠক হয়েছে। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে দলটির সঙ্গে আবার বৈঠক হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন আছে। গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট নামের একটি ধর্মভিত্তিক দলের মোর্চার সঙ্গেও আলোচনা চলছে।
এ বিষয়ে ইসলামী ফ্রন্টের মহাসচিব আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে বাংলাদেশে নির্বাচনী রাজনীতির যে ধারা, তাতে কোনো জোট-মহাজোটে না থাকলে এককভাবে নির্বাচন করে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে। প্রেক্ষাপট বিবেচনায় আমরা জোট করার সিদ্ধান্ত নিয়েছি।’
জাপার দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, হঠাৎ করে জোট গঠন নিয়ে এরশাদের তৎপরতা, বিএনপি ঘরানার ইসলামপন্থী দলগুলোর দিকে বিশেষ আগ্রহ এবং এর নেপথ্যে অন্য কিছু আছে কি না, তা নিয়ে দলের ভেতরেও আলোচনা আছে। কেউ কেউ মনে করছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঘরানার ভোট ভাগাভাগি করার লক্ষ্যেই এ জোট গঠনের চেষ্টা।
এ বিষয়ে জানতে চাইলে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের সবাই সব সময় একই মতে থাকে। কিন্তু জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভক্তি আছে। এখন জাতীয়তাবাদী শক্তির ঐক্যের ব্যাপকতা সৃষ্টির জন্য সবাইকে সঙ্গে নেওয়াটাই স্বাভাবিক।