বিএনপি ঘুরে দাঁড়াতে শুরু করেছে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিন্তা ও কাজের ক্ষেত্রে বিএনপি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এর বড় প্রমাণ দলের ‘ভিশন-২০৩০’।
গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির ভিশন-২০৩০ নিয়ে এক গোলটেবিল আলোচনায় মির্জা ফখরুল এ কথা বলেন। সেন্টার ফর ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল রিসার্চ স্টাডিজ নামের একটি সংগঠন ওই গোলটেবিল আলোচনার আয়োজন করে। আওয়ামী লীগের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তাঁরা বলছেন বিএনপির ভিশন ২০৩০ অন্তঃসারশূন্য। কেউ বলছেন, বিএনপি তাদের অনুকরণ করেছে। কিন্তু বিএনপির দর্শন অনুকরণ করে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক দর্শন, কর্মসূচি পরিবর্তন করেছে।
ভিশন-২০৩০-এ জোটসঙ্গী জামায়াতে ইসলামীর বিষয়ে কোনো বক্তব্য না থাকা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপির সঙ্গে জামায়াতের জোট পুরোপুরি রাজনৈতিক। তাই ২০৩০ সালে জামায়াতের সঙ্গে বিএনপির কী সম্পর্ক হবে, সেটা এখন বলার সুযোগ নেই।
এর আগে ওই গোলটেবিলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপির ভিশনে বলা হয়েছে, বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় কর্মকাণ্ডকে যথাযথভাবে সম্মান ও গুরুত্ব দেবে। এতে প্রশ্ন থেকে যায়, বিএনপি আগামী দিনে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াতে ইসলামীর কী হবে? রাজনৈতিক জোটে থাকা জামায়াত তো থাকবেই? তাদের এখন যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে বিচার করা হচ্ছে। খালেদা জিয়া এ বিষয়টি স্পষ্ট করেননি। তাই এই ভিশনে সত্যতা, সঠিকতা, আন্তরিকতা যেমন আছে, তেমনি আছে ভক্তি প্রবণতা।