বিএনপি চায়, দেশের মানুষ দরিদ্র থাকুক: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: সংগৃহীত

গত এক যুগে সারা বিশ্ব বাংলাদেশের উন্নতির স্বীকৃতি দিয়েছে কিন্তু সেগুলো স্বীকার করতে বিএনপির কষ্ট হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, এর কারণ, দেশের মানুষের অগ্রগতি তাদের পছন্দ নয়। বিএনপি চায়, দেশের মানুষ দরিদ্র থাকুক।

আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশের উন্নতির তথ্য-উপাত্ত ভুয়া—বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের সমালোচনা করেন হাছান মাহমুদ। তিনি বলেন, গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়েছে, তাতে মানুষের মাথাপিছু আয় ৬০০ থেকে ২ হাজার ৬০০ ডলারে উন্নীত হয়েছে। এই উন্নতি আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিশ্বের সবাই স্বীকার করেছে। তিনি বলেন, এ ছাড়া দেশের মানুষের ক্রয়ক্ষমতা কয়েক গুণ বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধির হার বেড়েছে। করোনার মধ্যে বিশ্বের মাত্র ২০টি দেশের জিডিপির ধনাত্মক প্রবৃদ্ধি হয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটি শীর্ষ দেশ।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, “খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো নয়, তাহলে বাইরে থেকে সাহায্য-খয়রাত পাব না।’’ যাঁদের মানসিকতা এমন, তাঁদের তো অগ্রগতি পছন্দ হবে না। সে জন্যই তাঁরা এ নিয়ে বিভ্রান্তিকর কথা বলেন।’

আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারকে ভয় পায়—বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং তখন আওয়ামী লীগ সরকারই নির্বাচনকালীন সরকার বলুন বা তত্ত্বাবধায়ক সরকার বলুন, সেই দায়িত্ব পালন করবে।’ তিনি বলেন, এর মধ্যে দেশে যেসব নির্বাচন হয়েছে, সেগুলো অত্যন্ত সুষ্ঠু হয়েছে; অনেকগুলোতে বিএনপিও জয়লাভ করেছে। প্রকৃতপক্ষে জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় বিএনপি নির্বাচনকে ভয় পায়।

এর আগে মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্য দেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘দেশে যেমন মেধাবী পরিচালকেরা রয়েছেন, তেমনি আমাদের ছেলেমেয়েরা দেখতে সুন্দর, অভিনয়েও প্রতিভাবান। বিদেশি দ্বিতীয়-তৃতীয় গ্রেডের শিল্পীদের এনে বিজ্ঞাপন-সিনেমা বানানোর খুব প্রয়োজনীয়তা অনুভূত হয় না।’

এ সময় লোকসংগীতশিল্পী ও সাংসদ মমতাজ বেগম, লেখক আনিসুল হক, সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী, টিভি সাংবাদিক শফিউল্লাহ সুমনসহ অর্ধশতাধিক গণমাধ্যমকর্মীকে সম্মাননা প্রদান করা হয়।