>সিলেট-১ আসনে যে দলের প্রার্থী জেতেন, সে দলই নাকি ক্ষমতায় যায়। ১৯৯১ সালে বিএনপি, ৯৬-তে আওয়ামী লীগ, ২০০১ সালে আবার বিএনপি এবং ২০০৮ সালে আওয়ামী লীগ। মর্যাদার এই আসনে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী হবেন কারা? এ নিয়ে প্রতিবেদন লিখেছেন উজ্জ্বল মেহেদী ও সুমনকুমার দাশ
সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান প্রয়াত হয়েছেন প্রায় আট বছর আগে। তাঁর নির্বাচনী এলাকা সিলেট-১ (সদর) আসনে দলীয় প্রার্থী কে হবেন, তা দলের নেতা-কর্মীদেরও অজানা। কর্মীদের অনেকে বলেন, সাইফুর নেই, বিকল্পও নেই। প্রার্থী সংকটের কারণে এখানে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা যে সিদ্ধান্ত দেবেন, সেটাই চূড়ান্ত।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় মারা যান সাইফুর রহমান। জীবদ্দশায় এ আসনে তাঁর কোনো বিকল্প তৈরি হয়নি। তবে একসময় হুট করেই রাজনীতির মাঠে হাজির হন সমশের মবিন চৌধুরী। অল্প দিনের মধ্যে তিনি সিলেটে বিএনপির একচ্ছত্র নেতা হয়ে ওঠেন, তৈরি হয় তাঁর নিজস্ব বলয়। কিন্তু ২০১৫ সালের ২৮ অক্টোবর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সমশের বিএনপির কেন্দ্রীয় সহসভাপতিসহ সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। ফলে এখানে যোগ্য প্রার্থীর সংকট থেকেই যায়।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক প্রথম আলোকে বলেন, কারও শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। আবার এ জন্য দল থেমেও থাকে না। দলের চেয়ারপারসন নির্বাচনের আগে এ আসনে যাঁকেই প্রার্থী করবেন, দলের নেতা-কর্মী-সমর্থকেরা তাঁকে বিজয়ী করতে ভূমিকা রাখবেন।
সিলেট মহানগর বিএনপির সাত নেতা জানান, যেহেতু একটি কথা চালু রয়েছে, এ আসনে যে প্রার্থী বিজয়ী হন, তাঁর দলই ক্ষমতায় যায়। তাই সব সময়ই রাজনৈতিক দলগুলো এখানে শক্ত প্রার্থীদের মনোনয়ন দেয়। কিন্তু সাইফুরের মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত বিএনপিতে তাঁর সমকক্ষ কোনো প্রার্থীর নাম আলোচিত হচ্ছে না। তবে কয়েক বছর ধরে এখানে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির নিয়মিত সভা-সমাবেশে অংশ নিচ্ছেন। তিনি বিএনপিদলীয় প্রয়াত সাংসদ খন্দকার আবদুল মালিকের ছেলে।
সিলেট-১ আসনে ১৯৭৯ ও ১৯৯১ সালে সাংসদ নির্বাচিত হন খন্দকার মালিক। ’৯১ সালে সিলেটের ১৯টি আসনের মধ্যে কেবল এই আসনেই বিএনপির প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। এখন দলীয় চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী খন্দকার আবদুল মুক্তাদির নিয়মিত গণসংযোগ করছেন।
মুক্তাদির প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে আছি। এখানে ব্যক্তির চাওয়া-পাওয়া মুখ্য নয়। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল চাইলে নির্বাচনে অংশ নেব, না চাইলে নেব না। মূল কথা হলো, আমি দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার জন্যই কাজ করছি। নির্বাচনের বিষয়টি এখানে মুখ্য নয়।’
বিএনপির কেন্দ্রসংশ্লিষ্ট সূত্র বলছে, যেহেতু সিলেট-১ আসন বিশেষ মর্যাদাপূর্ণ। আর আপাতত সাইফুর রহমানের বিকল্প পাওয়া যাচ্ছে না। তাই দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া অথবা সিলেটি মেয়ে হিসেবে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান প্রার্থী হলে সহজেই জয় নিশ্চিত করা সম্ভব হবে।
এদিকে খালেদা জিয়ার পুত্রবধূ জোবায়দা রহমানের পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ দক্ষিণ সুরমার বন্যাকবলিত একাধিক এলাকায় ত্রাণ কার্যক্রম চালিয়েছেন। এটি জোবায়দার নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত কি না, এ নিয়ে আলোচনা চলছে। জানতে চাইলে আলী আহমদ বলেন, ‘কে প্রার্থী হবেন, এটি দলীয় চেয়ারপারসন নির্ধারণ করবেন। ত্রাণ বিতরণের সঙ্গে জোবায়দার নির্বাচনে অংশ নেওয়ার কোনো সংযোগ নেই। মূলত জোবায়দার পৈতৃক বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের ধিরাহিমপুর গ্রামে। সে জন্যই তাঁর পক্ষে এখানে ত্রাণ বিতরণ করেছি।’
সাইফুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মেয়র আরিফুল হক চৌধুরীর নামও বিকল্প প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। তবে আরিফুলের বড় পরীক্ষা হচ্ছে আগামী সিটি নির্বাচন। এখানে জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে তাঁর দলীয় অবস্থান।
মেয়র আরিফুল হক এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। শুধু বলেন, এসব বিষয়ে কথা বলার সময় এখনো আসেনি। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, দলীয় চেয়ারপারসনের নির্দেশে খন্দকার মুক্তাদির দীর্ঘদিন ধরে কাজ করছেন। তবে দল যাঁকে মনোনয়ন দেবে, নেতা-কর্মীরা তাঁর পক্ষেই কাজ করবেন।