আন্দোলন চলছে, চলবে: খালেদা জিয়া

বর্তমান সরকারকে ‘অবৈধ’ উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এ সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলছে, চলবে। দিনক্ষণ নির্ধারণ করে আন্দোলন হয় না বলে মন্তব্য করেছেন তিনি।
আজ সোমবার ঈদের শুভেচ্ছা বিনিময়কালে খালেদা এ কথা বলেন। বেলা ১১টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুভেচ্ছা বিনিময় শুরু করেন খালেদা জিয়া। এ সময় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলটির বেশ কয়েকজন নেতা মঞ্চে উপস্থিত ছিলেন।
শুরুতেই বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। এরপর দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে খালেদা জিয়া মন্তব্য করেন, এবার ঈদে ঘরমুখী মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। এ দুর্ভোগের জন্য তিনি সরকারকে দায়ী করেন।
খালেদা জিয়া বলেন, সরকারদলীয় লোকজনের চাঁদাবাজির কারণে এবার গরু ব্যবসায়ীরা গুরু বিক্রি করতে পারেননি। তাঁরা লাভ ঘরে তুলতে পারেননি।
বিএনপির চেয়ারপারসন বলেন, এ সরকার দেশ পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। তারা র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে ধ্বংস করে দিচ্ছে।
‘অবৈধ’ সরকারের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।