বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুরসহ ৪৪ নেতা-কর্মীর নামে মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নাশকতার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকারসহ ৪৪ নেতা-কর্মীর নামে মামলা করেছে পুলিশ। এই মামলায় বিএনপির স্থানীয় কর্মী আব্বাস ও নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ভুলতার গাউছিয়া মার্কেটের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করছেন বলে পুলিশের কাছে খবর আসে। খবর পেয়ে সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতা-কর্মীরা পালিয়ে যান। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
ওই ঘটনায় মঙ্গলবার গভীর রাতে রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাদিরুজ্জামান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলার আসামিরা হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হুমায়ন, বিএনপির স্থানীয় নেতা বশির উদ্দিন বাচ্চু, ওমর ফারুক, নাসির উদ্দিন ভূঁইয়া, শফিকুল ইসলাম চৌধুরী, আব্বাস, নুরুজ্জামান প্রমুখ।
এর আগে গত রোববার উপজেলার গোলাকান্দাইল উত্তরপাড়া এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের ৩৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২২ জনসহ অর্ধশত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।
এ ছাড়া গত বুধবার রাতে রূপগঞ্জে কেন্দ্রীয় ওলামা দলের সহসভাপতি ও জেলা ওলামা দলের সভাপতি সামসুর রহমান বেনুসহ ৩০ জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। ওই মামলায় কেন্দ্রীয় ওলামা দলের সহসভাপতিসহ চার নেতাকে গ্রেপ্তার করা হয়।
তৈমুর আলম খন্দকার বলেন, সারা দেশের মানুষ এখন উচ্চ আদালতের বারান্দা দিয়ে ঘুরছে। একের পর এক ভুতুড়ে সাজানো মামলায় পুলিশের হয়রানির কারণে বিএনপির নেতা-কর্মীরা বাড়িতে থাকতে পারছেন না।