বিএনপি ছাড়া অন্যদের বিরুদ্ধে মামলা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে লালমনিরহাটে অংশগ্রহণকারী মেয়র পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত থেকে মাস্টার্স পর্যন্ত। একজনের নামে তিনটি মামলা থাকলেও অপর পাঁচ মেয়র প্রার্থীর নামে কোনো মামলা নেই। লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া মেয়র প্রার্থীদের হলফনামা সূত্রে এ তথ্য জানা যায়।
প্রার্থীদের জমা দেওয়া হলফনামা সূত্রে জানা যায়, এবারের লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে বিএনপি মনোনীত আবদুল হালিমের শিক্ষাগত যোগ্যতা এম কম। স্বতন্ত্র প্রার্থী এস এম ওয়াহিদুল হাসানের শিক্ষাগত যোগ্যতা বিএসএস, আওয়ামী লীগের রিয়াজুল ইসলাম রিন্টুর উচ্চমাধ্যমিক এবং জাতীয় পার্টির (জেপি) আবদুর রশিদ অষ্টম শ্রেণি। এদিকে স্বতন্ত্র প্রার্থী এ কে এম হুমায়ুন আখতার এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমিনুল ইসলাম স্বশিক্ষিত। এঁদের মধ্যে বিএনপির আবদুল হালিমের বিরুদ্ধে তিনটি মামলা থাকলেও বাকি পাঁচ মেয়র প্রার্থীর নামে কোনো মামলা নেই।
আওয়ামী লীগের রিয়াজুল ইসলাম রিন্টু লালমনিরহাট শহরের সাপটানা রোডের অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের মালিকদের মধ্যে অন্যতম। তাঁর বার্ষিক আয় ৪ লাখ ৯১ হাজার ৭৫০ টাকা। তাঁর নামে সোনালী ব্যাংকে ২৯ লাখ ৯০ হাজার ৪৪৪ এবং পূবালী ব্যাংকে ১৬ লাখ ২০ হাজার টাকার ঋণ রয়েছে।
বিএনপির আবদুল হালিমের নামে দ্রুত বিচার আইনের একটিসহ দুটি মামলা বর্তমানে বিচারাধীন। আর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়ের অপর একটি মামলা তদন্তাধীন। এ ছাড়া ৩৭৯ ধারার একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি।
আবদুল হালিমের কৃষি খাত থেকে বার্ষিক আয় ১ লাখ ৮ হাজার ৪৯০ টাকা। প্রার্থীর নামে অগ্রণী ব্যাংকে ১৪ লাখ ৭৬ হাজার ১৪৮ টাকার এবং পূবালী ব্যাংকে ৪ লাখ ৭ হাজার ৮৪৬ টাকার ঋণ আছে।
আবদুল হালিম বলেন, ‘আমি জেলা যুবদলের সাধারণ সম্পাদক। তাই আমার বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো হয়েছে। শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন হলে আমি বিজয়ী হওয়ার ব্যাপারে ১০০ ভাগ আশাবাদী।’
আওয়ামী লীগের রিয়াজুল ইসলাম বলেন, ‘আমি জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও বর্তমান পৌর মেয়র। ভোটাররা আমাকে ভোট দেবেন।’