
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করে বলেছেন, লাখো বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক রাজনৈতিক মামলা দেওয়া হচ্ছে। অনেকের বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেছে। এসবের উদ্দেশ্য বিএনপিকে আগামী একাদশ সংসদ নির্বাচন থেকে দূরে রাখা। বিএনপি ছাড়া নির্বাচন হলে দেশের মানুষ ও বিশ্ব মানবে না।
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরহাট ফুটবল খেলার মাঠে আজ রোববার দুপুরে জেলা বিএনপি আয়োজিত আলোকিত লালমনিরহাট সংগঠনের ব্যানারে সাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকার এখন নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যাতে বিএনপিসহ অন্যান্য বিরোধী দল নির্বাচনে অংশ নিতে না পারে।
রংপুরে সাম্প্রতিক সফর স্থগিত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, পাগলাপিরের ঠাকুরপাড়া পরিদর্শন কর্মসূচি স্থগিত হওয়া নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের বিবৃতি সঠিক হয়নি। সম্পূর্ণ রাজনৈতিক শিষ্টাচারের কারণে ওই কর্মসূচি স্থগিত করা হয়। বিএনপি একই দিনে একই স্থানে অন্য রাজনৈতিক দলের কর্মসূচি থাকলে, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।
উল্লেখ্য, ঠাকুরপাড়ায় রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সফর থাকায় বিএনপির কর্মসূচি স্থগিত হয়।
বিএনপির মহাসচিব দাবি করেন, সারা দেশের লাখ লাখ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক রাজনৈতিক মামলা দেওয়া হচ্ছে। অনেকের বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেছে। এসবের উদ্দেশ্য বিএনপিকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে রাখা। বিএনপি ছাড়া নির্বাচন হলে দেশের মানুষ ও বিশ্ব মানবে না। সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, সংঘাতের রাজনীতি বাদ দিয়ে সমঝোতার রাজনীতিতে আসুন। বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু একটা নির্বাচন হতে পারে। কিন্তু এই সরকার তাতে কর্ণপাত করছেন না। কারণ, তারা জানে যদি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়, তাহলে তারা ক্ষমতায় আসতে পারবে না।
এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয় মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে। এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। এই সরকার দেশের মানুষের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এরা গণতন্ত্রকে হরণ করেছে, অধিকারকে হরণ করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিব বলেন, ‘ওনারা বরাবরই সাফ জানিয়ে দেন। ২০১৪ সালের নির্বাচনের আগেও সাফ জানিয়েছিলেন। কিন্তু আমাদের সঙ্গে বসতে বাধ্য হয়েছিলেন। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে আওয়ামী লীগ।’
লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা প্রমুখ।
আলোচনা সভা শেষে সাইকেল র্যালি শুরু হয়। একই উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয় এই র্যালি।