বিএনপি ছেড়ে তাঁরা আওয়ামী লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহর যুবদলের আহ্বায়ক মনির উদ্দিনের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী দল পাল্টে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগে যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠিত হয় বলে নোয়াখালী আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং যোগদানকারীদের পক্ষে শহর যুবদলের আহ্বায়ক মনির উদ্দিন প্রমুখ।
বিজ্ঞপ্তিতে যোগদানকারীদের মধ্যে কয়েকজনের নাম দেওয়া হয়। তাঁরা হলেন শহর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও আবু নাইম, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কাদিরহানিফ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আলী আকবর প্রমুখ।
যোগদানকারীরা সাংসদ একরামুল করিমের হাতে ফুলের তোড়া তুলে দেন।
যুবদল থেকে যুবলীগে যোগদানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, নোয়াখালী শহর যুবদলের কোনো কমিটি নেই। তাই যোগদানকারীদের সম্পর্কে তাঁর কাছে কোনো তথ্য নেই।