বিএনপি জঙ্গি পুনরুৎপাদনের কারখানা: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু । ফাইল ছবি
হাসানুল হক ইনু । ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া জঙ্গির সঙ্গী আর বিএনপি জঙ্গি পুনরুৎপাদনের কারখানা। খালেদা জিয়া বারবার প্রমাণ করেছেন যে জঙ্গি আর তিনি কখনোই আলাদা নন।
আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ‘জঙ্গি নির্মূল ও জঙ্গি সঙ্গী খালেদাকে বর্জন’ শীর্ষক জাসদের জাতীয় প্রচারাভিযানের শুরুতে ঢাকা মহানগর জাসদ আয়োজিত সমাবেশে ইনু এসব কথা বলেন। খবর বাসসের।
তথ্যমন্ত্রী বলেন, যখন সবাই একমত হয়েছেন যে দেশের শান্তি-উন্নয়ন-নিরাপত্তার প্রধান শত্রু জঙ্গিবাদ, তখন গণতন্ত্রের অজুহাতে খালেদা জিয়া ও বিএনপিকে পুষে রাখা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনতে পারে না। তাই খালেদা জিয়াকে গণতন্ত্রের ‘লাইসেন্স’ দেওয়া যায় না।
ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিমুক্ত নিরাপদ শান্তির বাংলাদেশ গড়ে তোলা এবং দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার যুদ্ধ চলছে। শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন চলছে, এর সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য দুর্নীতি ও বৈষম্যের অবসান করে দেশকে সুশাসন ও সমাজতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার জন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে জাসদের সহসভাপতি হাবিবুর রহমান, আফরোজা হক, শফি উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।