বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক: হাছান
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলতে চেয়েছিলেন বিএনপি দেশকে আফগানিস্তান, সিরিয়ার মতো বানাতে চায়; কিন্তু মুখ ফসকে আওয়ামী লীগের নাম চলে এসেছে। দেশের মানুষের কাছে এখন দিবালোকের মতো পরিষ্কার যে বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। বিএনপি নেত্রী জঙ্গিদের আশ্রয় দিয়েছেন। জঙ্গিদের জন্য তিনি মায়াকান্না দেখান। জঙ্গিদের পাশে বসিয়ে তিনি মিটিং করেন।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত জঙ্গিবাদবিরোধী প্রতিবাদ সমাবেশে হাছান মাহমুদ এসব কথা বলেন।
হাছান মাহমুদ আরও বলেন, জাতির কাছে শেখ হাসিনার অঙ্গীকার ছিল যুদ্ধাপরাধীদের বিচার করা। তিনি তাঁর কথা রেখেছেন। হয়তো আজ রাতেই কুখ্যাত যুদ্ধাপরাধী মীর কাসেমের রায় কার্যকরের মাধ্যমে জাতির আরও একটি প্রত্যাশা পূরণ হবে। দেশ যখন অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, তখন দেশকে অকার্যকর করার জন্য দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। গুপ্তহত্যা, জঙ্গি হামলা এ ষড়যন্ত্রেরই অংশ।
সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে জঙ্গিবিরোধী প্রতিবাদ সমাবেশটি হয়।