বিএনপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয়: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে অবস্থান নিয়ে বিএনপি প্রমাণ করেছে যে তারা কখনোই জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয়।
গতকাল শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন। ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী ঘোষণা করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরে ৭২৬ ইউপির দল-মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেওয়া সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ও সংবিধান পরিপন্থী বলে গত বৃহস্পতিবার রায় দেন হাইকোর্ট। পরদিন বিএনপি সংবাদ সম্মেলন করে এই রায়কে স্বাগত জানায়। এ বিষয়ে হানিফ বলেন, ‘বিএনপির নেতারা যা বলছে, এটা বলা স্বাভাবিক।’
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে ওঠা বিভিন্ন অনিয়ম প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘চেষ্টা করেছি, যাচাই-বাছাই করে সর্বোচ্চ পর্যায়ে প্রার্থী মনোনয়ন দিতে।’