বিএনপি জনসমর্থন না পেয়ে বর্জনের কথা বলছে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

নির্বাচন কমিশন ও নির্বাচনব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি নির্বাচন বর্জনের চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। জনসমর্থন না পেয়ে বিএনপি নির্বাচন বর্জনের কথা বলছে বলেও মন্তব্য তাঁর।

ইউনিয়ন পরিষদের (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ উপলক্ষে আজ রোববার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহবুব উল আলম হানিফ এ মন্তব্য করেন।

চতুর্থ ধাপের ৫৬৭টি ইউপিতে দলের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা আজ প্রকাশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বাকি প্রার্থীদের তালিকা পরে ঘোষণা করা হবে। চতুর্থ ধাপে ৭৪৩টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে আগামী ৭ মে।

সংবাদ সম্মেলনে ইউপি নির্বাচন থেকে বিএনপির সরে যাওয়া-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচন কমিশন ও নির্বাচনব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নির্বাচন বর্জনের চক্রান্ত করছে। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় এবং ক্ষমতার বাইরে থেকে সন্ত্রাস ও দুর্নীতি করেছে। সে জন্য ভোটে ভালো করার সুযোগ ছিল না। তারা এই নির্বাচনকে আন্তরিকভাবে নেয়নি। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য তারা সরে দাঁড়ানোর কথা বলছে।

হানিফ বলেন, বিএনপির ভোট বর্জন নয়, সহিংসতার রাজনীতি পরিহার করে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করা উচিত। দুই পর্বের নির্বাচনের ভোটকে কেন্দ্র করে যে সহিংসতা এবং প্রাণহানি হয়েছে, এটা দুঃখজনক। এগুলো হয়েছে সামাজিক ও গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে। পরবর্তীতে যেন এমন সহিংসতা না হয়, এ জন্য আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমতো কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যেন দলমতের ঊর্ধ্বে উঠে সহিংসতা প্রতিরোধে ব্যবস্থা নেয়।

অর্থ পাচার ও সন্ত্রাসের অর্থায়নে আবারও ‘ঝুঁকিপূর্ণ দেশ’-এর তালিকায় বাংলাদেশের ঢুকতে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য মার্কিন এক আইনজীবীকে ৩০ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। আমাদের কাছে এর ডকুমেন্ট আছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্য শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এগুলো মানি লন্ডারিংয়ের মাধ্যমে হয়েছে। তিনি দেশের নিরাপত্তা বাহিনীকে বিষয়গুলো তদন্ত করে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের নেতারা বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে দলের নেতা জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, আব্দুর রাজ্জাক, এ বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

চতুর্থ ধাপে ওই নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ১০ ও ১১ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ এপ্রিল। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১৯ এপ্রিল।