বিএনপি জয়কে ভয় পায়: ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি জয়কে (প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়) ভয় পায়। তাই মির্জা ফখরুল আনাড়ি ও অর্বাচীন বক্তব্য দিয়ে ব্যক্তিগতভাবে জয়কে আঘাত করেছেন।’ মির্জা ফখরুলকে বক্তব্যে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
আজ রোববার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুরে ছোট ফেনী নদীর ওপর ক্লোজারের নির্মাণকাজ পরিদর্শনকালে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, জয় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা। তিনি প্রধানমন্ত্রীর ছেলে। তিনি রাজনীতি শিখছেন ও আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা।
মির্জা ফখরুল জয়কে ব্যক্তিগতভাবে আঘাত করে সীমা লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য।
মন্ত্রী বলেন, ‘বিএনপি নিয়ে আমরা চিন্তিত নই। আন্দোলন করতে গিয়ে অতীতে বিএনপি কোনো কার্যকর ভূমিকা নিতে পারেনি। তারা জনগণকে নিয়ে কোনো আন্দোলন করতে পারবে না। এ মুহূর্তে আন্তর্জাতিক উগ্রবাদ নিয়ে আমরা চিন্তিত।’
এ সময় উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আই এম রিয়াজুল হাসান প্রমুখ।