বিএনপি-জাপার পাঁচ শতাধিক নেতা-কর্মী আ.লীগে
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিএনপি-জাপার পাঁচ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। এ উপলক্ষে গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় চওড়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগের সম্পাদক মো. জাফর আলী।
সভায় ছিনাই ইউনিয়ন জাপার সাবেক সভাপতি মো. এনামুল হক সরদারের নেতৃত্বে জাতীয় পাটির দুই শতাধিক এবং ছিনাই ইউনিয়ন যুবদলের সহসভাপতি ইউপি সদস্য শফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউপি সদস্য মো. নাসির উদ্দিন, ছিনাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসাহাক আলীর নেতৃত্বে তিন শতাধিক নেতা-কর্মী জাফর আলীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
অনুষ্ঠানে ছিনাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. এরশাদ আলী চৌধুরী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চাষী মো. আবদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুনুর মো. আক্তারুজ্জামান প্রমুখ।