বিএনপি-জামায়াত আবার নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ৫ জানুয়ারিকে লক্ষ্য করে বিএনপি-জামায়াত দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করেছে। তারা যদি দেশে নৈরাজ্য সৃষ্টি করে, তবে তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
আজ শনিবার সকালে সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে বিএনপি-জামায়াতকে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৫ জানুয়ারি নির্বাচন করে দেশের গণতন্ত্র রক্ষা করা হয়েছিল। আগামী ৫ জানুয়া​ির দেশে গণতন্ত্র রক্ষা দিবস পালন করা হবে। এ দিন আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে থাকবেন। গত বছর জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করে, প্রিসাইডিং কর্মকর্তা হত্যাসহ সারা দেশে পুলিশের ওপর যেভাবে আক্রমণ করেছিল, তা জনগণের সামনে তুলে ধরা হবে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা বেগম, সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ আবদুল মজিদ মণ্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী, সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক প্রমুখ।