বিএনপি-জামায়াত সরকারের প্রশ্রয়ে জঙ্গি নেটওয়ার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐক্য ন্যাপ অভিযোগ করেছে, বিএনপি-জামায়াত সরকারের প্রশ্রয়ে জঙ্গি নেটওয়ার্ক গড়ে উঠেছিল। দেশের জঙ্গিদের সঙ্গে আল-কায়েদা ও তালেবানের সংযোগ জোরদার হয়েছিল।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে ঐক্য ন্যাপ এ অভিযোগ করে। সংগঠনটি দেশে জঙ্গিবাদের বিস্তার রোধ করতে অবিলম্বে জামায়াত-শিবিরসহ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানায়।
‘পেশোয়ারে শিশু হত্যাসহ বিশ্বব্যাপী জঙ্গি তৎপরতা রুখে দাঁড়াও’ শীর্ষক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এবং নেতাদের বক্তব্যে প্রাধান্য পায় বিএনপির রাজনীতি, তারেক রহমানের বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ ও ‘পাকবন্ধু’ বলার সমালোচনা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। লিখিত বক্তব্যে বলা হয়, জামায়াত-শিবির-বিএনপির আন্দোলনের প্রতি আল-কায়েদা নেতা জাওয়াহিরির সমর্থনসূচক বক্তব্য, বাংলাদেশসহ উপমহাদেশে তাদের শাখা খোলার ঘোষণা, ময়মনসিংহে ফাঁসির আসামিসহ তিন জঙ্গি ছিনতাই, প্রতিবেশী দেশে বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের জঙ্গিদের সংশ্লিষ্টতা এবং সর্বশেষ ড্রোন বিমান তৈরি করে দেশের শীর্ষ নেতাদের হত্যা করার পরিকল্পনা—এসব ভয়াবহ জঙ্গি তৎপরতার ইঙ্গিত বহন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, সরকারের চেষ্টার পরেও জঙ্গিবাদ মাথা তুলছে। তার মানে সরকারের শৈথিল্যও আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আজিজুর রহমান বলেন, ‘পাকিস্তানে শিশু হত্যার প্রভাব আমাদের দেশের শিশুদের ওপরও পড়তে পারে। নিষ্পাপ শিশুরা মানুষ হত্যা, সহিংসতা দেখলে তাদের স্বাভাবিক বেড়ে ওঠা বাধাগ্রস্ত হয়। তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব, ভয়-ভীতি, অনিশ্চয়তা, মানসিক বিকলাঙ্গতা দেখা দিতে পারে।