বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সমাবর্তন বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ‘অস্বস্তিকর পরিস্থিতির’ মধ্যে সমাবর্তন আয়োজন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদা দল) ব্যানারে সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
১৮ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই নবম সমাবর্তন হওয়ার কথা। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাবর্তনে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছেন প্রায় পাঁচ হাজার গ্র্যাজুয়েট।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে গতকাল দুপুরে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ১৮ জানুয়ারি অনুষ্ঠেয় সমাবর্তন সাদা দলের চার শতাধিক শিক্ষক বর্জন করবেন। তবে দেশের স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি সাপেক্ষে তারিখ পুনর্নির্ধারণ করে সমাবর্তন আয়োজন করলে সেখানে তাঁরা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাদা দলের আহ্বায়ক শামসুল আলম সরকার জানান, দেশে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। বিরোধী জোটের আহ্বানে দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলছে। এতে দেশের সব ধরনের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটদের পক্ষে দেশের দূর-দূরান্ত থেকে এসে সমাবর্তনে অংশ নেওয়া সম্ভব নয়। সমাবর্তনের মতো একটি মহতি অনুষ্ঠান সর্বজনীন করার জন্য সাদা দলের পক্ষ থেকে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনকে অনুষ্ঠানের সময়সূচি পুনর্নির্ধারণ করার জন্য গত মঙ্গলবার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি পূর্বঘোষিত সময় অনুযায়ী সমাবর্তন অনুষ্ঠান আয়োজনে অনড় আছেন। এমতাবস্থায় দেশের সার্বিক অবস্থা এবং গ্র্যাজুয়েটদের অংশগ্রহণের অনিশ্চয়তার কথা বিবেচনা করে সাদা দলের শিক্ষকেরা সমাবর্তন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক মু আজহার আলী, রফিকুল ইসলাম, আবুল হাশেম, আমজাদ হোসেন, এনামুল হক প্রমুখ।