বিএনপি-জামায়াতের নেতারা বাড়িছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার আতঙ্কে যশোরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তারের জন্য পুলিশ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হানা দিচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।
বিএনপির যশোর শহর কমিটির সাধারণ সম্পাদক মনির আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, দলের কোনো নেতা-কর্মী বাড়িতে থাকতে পারছেন না। পুলিশের ভয়ে সবাইকে পালিয়ে বেড়াতে হচ্ছে। গত বুধবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর বাড়িতে গিয়ে পুলিশ হানা দিয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, গাড়ি পোড়ানোর মামলার আসামিদের ধরার জন্য বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
বুধবার ভোরে যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। ওই বাসের ভেতর ঘুমিয়ে থাকা মুরাদ হোসেন নামের ট্রাকের এক চালক দগ্ধ হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক শাহিনুর রহমান বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২০০-২৫০ জনের নামে দ্রুত বিচার ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।
মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা কমিটির আমির আবদুর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক, নগর বিএনপির সভাপতি ও যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে খোকন, সহসভাপতি গোলাম রেজা, জেলা যুবদলের সভাপতি এহসানুল হক, ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা পূর্ব শাখার সভাপতি তাওহিদুল ইসলাম, জেলা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন, শহর শাখার প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখকে আসামি করা হয়েছে।