বিএনপি-জামায়াতের মান-অভিমান হয়, সম্পর্ক ছোটে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ও জামায়াতের মধ্যে মাঝে মাঝে মান-অভিমান হলেও সম্পর্ক ছুটবে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, তাদের সম্পর্ক অত্যন্ত মধুর এবং গভীর। হয়তো মাঝেমধ্যে মান-অভিমান হয়। কিন্তু সম্পর্ক ছোটে না। লোকচক্ষুর ভয়ে মাঝেমধ্যে কেবল আড়াল করার চেষ্টা করা হয় মাত্র।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত জঙ্গিবাদবিরোধী ও জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, বিএনপি-জামায়াতের ঐক্যের বীজ রোপিত হয়েছিল সেই ১৯৭১ সালে। যে জামায়াত একাত্তরে বাঙালিদের বিরুদ্ধে অস্ত্রধারণ করেছিল, জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর তারা রাজনীতি করার সুযোগ পায়। আর খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের দল জামায়াতকে নিয়ে জোট করে পরবর্তী সময়ে যুদ্ধাপরাধীদের মন্ত্রীও বানিয়েছেন। তাই বিএনপি-জামায়াতের সম্পর্ক অত্যন্ত গভীর হবে এটাই স্বাভাবিক।

বিএনপি নেতা মওদুদ আহমদের বাড়ি সম্পর্কে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, যে দলের নেত্রী সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে অবৈধভাবে দখল করে থাকা বাড়ি ছাড়ার সময়ে হাউমাউ করে কাঁদেন, সে দলের নেতারা অবৈধভাবে অন্যের বাড়ি দখল করবে এটাই স্বাভাবিক। বাড়িটি সম্পূর্ণ অবৈধভাবে দখল করা। আদালত সবকিছু যাচাই-বাছাই করেই এ রায় দিয়েছেন।