বিএনপি-জামায়াতের ৩৯ নেতা-কর্মী গ্রেপ্তার
দেশের আট জেলায় অভিযান চালিয়ে সাবেক সাংসদসহ বিএনপি, জামায়াত-শিবিরের ৩৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার বিভিন্ন মামলার আসামিদের ধরতে শনিবার রাত ও গতকাল রোববার এসব অভিযান চালানো হয়। এর মধ্যে একজন রাজধানীর দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পলাতক আসামি।
ঢাকা: বিএনপির সাবেক সাংসদ ও ঢাকা জেলা বিএনপির সহসভাপতি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনকে রাজধানীর পীরেরবাগ থেকে এবং সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহকে সাভারের উলাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত শনিবার সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার একটি বাসা থেকে ছাত্রশিবিরের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, দেওয়ান সালাউদ্দিনের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় কমপক্ষে ১৩টি মামলা রয়েছে।
রাজশাহী: গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার মামলায় মহানগর জামায়াতের আমির আবুল হাশেমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় গতকাল জানান, মার্চ মাসে নগরের বোয়ালিয়া থানার পুলিশের ওপর হামলা এবং গাড়িতে অগ্নিসংযোগের মামলায় শনিবার রাতে নগরের বিনোদপুর এলাকার বাসা থেকে মহানগর ডিবি পুলিশ আবুল হাশেমকে আটক করে। পরে গতকাল দুপুরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
নওগাঁ: পৌর জামায়াতের আমির হোসাইন আহমেদ মুজাহিদসহ (৫০) ছাত্রশিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় শিবিরকর্মীদের কাছ থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মুক্তিসংবলিত অনেক প্রচারপত্র, ব্যানার, জিহাদি বই ও দেশীয় অস্ত্র পাওয়া যায়। তাঁদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা করা হয়েছে।
বগুড়া: পুলিশের অভিযানে গতকাল গ্রেপ্তার হয়েছেন শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ জামায়াত-শিবিরের ১৩ এবং যুবদলের ৪ জনসহ ১৭ নেতা-কর্মী। আটক নেতা-কর্মীদের মধ্যে বগুড়া সদর থেকে ৬ জন, শাজাহানপুর থেকে ৫ জন ও আদমদীঘি থেকে ৪ জন রয়েছেন।
এর আগে এএসআই ইব্রাহিম মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বিএনপি ও জামায়াত-সমর্থিত দুজন চেয়ারম্যানসহ শুক্রবার ২৫ জনকে বগুড়া থেকে আটক করা হয়। এর মধ্যে শহরের একটি ছাত্রাবাস থেকে আটক করা হয় ২১ ছাত্রকে। পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের দাবি, ২১ জনই শিবিরের কর্মী।
গাইবান্ধা: জেলা জামায়াতের আমির আবদুর রহিম সরকারকে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গত ৬ ফেব্রুয়ারি সদর উপজেলার তুলশীঘাট এলাকায় বাসে পেট্রলবোমা হামলাসহ নাশকতার ঘটনায় তাঁর বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার রাত দেড়টার দিকে পুলিশ তাঁর মালিকানাধীন শহরের বাসস্ট্যান্ডসংলগ্ন রাবেয়া ক্লিনিকের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আবুল কাশেম মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁকে গ্রেপ্তারের কারণ জানানো হয়নি।
সোনাগাজী (ফেনী): উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন ওরফে মিস্টারকে (৩৫) গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। সোনাগাজী মডেল থানার ওসি হারুন অর রশিদ চারটি মামলায় পলাতক আসামি মিস্টারকে গ্রেপ্তার ও ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর খবর নিশ্চিত করেছেন।
কক্সবাজার: সমুদ্রসৈকতের একটি হোটেলে অভিযান চালিয়ে পুলিশ ছাত্রশিবিরের ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এঁদের মধ্যে পাঁচজন কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের ছাত্র।
১৫ নেতা-কর্মী কারাগারে
রায়পুর (লক্ষ্মীপুর): উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৫ নেতা-কর্মীকে গতকাল কারাগারে পাঠিয়েছেন আদালত। নাশকতার দুটি মামলায় বিএনপির নেতা-কর্মীরা সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ মীর আকতার হোসেন তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।