বিএনপি-জামায়াত জঙ্গি তৎপরতা চালাচ্ছে: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশিদের প্রেসক্রিপশনে বিএনপি-জামায়াতের একটি অংশ দেশে জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তাঁর মতে, এই জঙ্গি ও সন্ত্রাসীদের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান ও খালেদা জিয়া। বিদেশে বসে এখন তাঁরা ষড়যন্ত্র করে মানুষ হত্যা করছেন।
আজ শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় কামরুল এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির নেত্রী খালেদা ও তারেক দুজনই জঙ্গিবাদের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে যে মামলা হচ্ছে, তা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়নি। এগুলো হচ্ছে তাঁদের জঙ্গিবাদ ও সন্ত্রাসের কারণে। এগুলোর সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। তাঁরা যখন ক্ষমতায় ছিলেন, তখন যেসব গোয়েন্দা কর্মকর্তাদের দিয়ে তাঁরা যেসব অপকর্ম ঘটিয়েছেন, তাঁরাই এখন সাক্ষ্য দিচ্ছেন।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল বলেন, ‘আমাদের অভিযান জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার চিন্তা করে না। সন্ত্রাস ও জঙ্গিবাদের কারণেই দেশে আসতে খালেদা জিয়া ভয় পাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে মামলার রায় যে কি হবে, তা তাঁরা বুঝতে পারছেন। তাই খালেদা জিয়া দেশে আসবেন বললেও আসলে আসবেন কি না, তা এখন নিশ্চিত নয়।’ কামরুল তাঁর বক্তব্যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালেরও কঠোর সমালোচনা করেন।
জোটের জ্যেষ্ঠ সহসভাপতি অভিনেতা এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।