বিএনপি জামায়াত জঙ্গি মোকাবিলায় বাজেটে বরাদ্দ চায় জাসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলামসহ ধর্মীয় সাম্প্রদায়িক ও জঙ্গি গোষ্ঠীকে সাংস্কৃতিকভাবে মোকাবিলা করতে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

প্রস্তাবিত বাজেট নিয়ে দলের প্রাথমিক প্রতিক্রিয়া জানাতে গতকাল রোববার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানায় জাসদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলের প্রতিক্রিয়া তুলে ধরেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি, কৃষি খাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়ানোসহ দেশীয় শিল্পের জন্য পর্যাপ্ত প্রণোদনা দেওয়ারও দাবি জানান।

পরে এক প্রশ্নের জবাবে দলটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এখন যে সাংস্কৃতিক কর্মকাণ্ড চলছে, তা যথেষ্ট নয়। জেলা, উপজেলা থেকে শুরু করে সব পর্যায়ে মুক্তিযুদ্ধের চেতনায় সাংস্কৃতিক বিপ্লব দরকার। এ জন্য সরকারের নীতিগত সহায়তা দেওয়া উচিত।

জাসদের বাজেট প্রতিক্রিয়ায় বলা হয়, দলটি মনে করে, ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনসংখ্যার বিচারে মোটেও বিশাল নয়। বাজেটে শুল্ক আরোপের ক্ষেত্রে টেকসই উন্নয়নের ধারণাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই উদ্যোগকে জাসদ স্বাগত জানায়।