প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও জামায়াত একই মেরুর বাসিন্দা। আদর্শগতভাবে তারা খুব কাছাকাছি। বিএনপির জামায়াত ছাড়ার গুঞ্জন শোনা গেলেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তারা বিচ্ছিন্ন হলেও তা হবে লোক দেখানো।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছয় লেনের উড়াল সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উড়াল সড়কের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, ১৭৫টির মধ্যে ১১০টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে।
এ সময় মহিপালে ছয় লেন উড়াল সেতুর কাজের দায়িত্বে থাকা মেজর শিবলী সাদিক, ফেনীর পুলিশ সুপার মো. রেজাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সামছুল আলম সরকার উপস্থিত ছিলেন।