বিএনপি-জামায়াত রাজনীতির 'গ্যাংগ্রিন': শাজাহান খান
বিএনপি-জামায়াতকে বাংলাদেশের রাজনীতিতে ‘গ্যাংগ্রিন’ বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এই ‘গ্যাংগ্রিন’ অপসারণ না করা পর্যন্ত বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি দূর হবে না বলেও উল্লেখ করেন তিনি।
আজ রোববার রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রী।
আগামী ৫ জানুয়ারিতে বিএনপির কর্মসূচি ঘোষণার বিষয়ে শাজাহান খান বলেন, ‘আর যদি পেট্রলবোমা মারা হয়, আমার শ্রমিকদের হত্যা করা হয়। যারা শান্তিতে থাকতে চায়, তাদের মধ্যে অশান্তি সৃষ্টি করেন। আর আমরা সহ্য করব না। ধৈর্যের সীমা আছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আমরা নীরব বসে থাকব না। আমাদের একজন মানুষের যদি জীবন যায়, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। খালেদা জিয়া আপনি এর জন্য দায়ী হবেন। খালেদা জিয়া বাংলার মাটিতে আপনি আর দাঁড়াতে পারবেন না। পাকিস্তানের খালেদাকে আমরা পাকিস্তানে ফিরিয়ে দেব।’
তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে নির্মূল করে আমরা ঘরে ফিরতে চাই। আমরা ঘরে ফিরব না, যত দিন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চেতনাবিরোধীদের নির্মূল করা না হবে।
শাজাহান খান আরও বলেন, ‘পাকিস্তান এখন বিশ্বের সন্ত্রাসের লালন ক্ষেত্র। পাকিস্তান বাংলাদেশে সন্ত্রাসী রপ্তানি করছে। এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে।’
আগামী ৬ জানুয়ারি (বুধবার) জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আপিলের রায় উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে নয়টা থেকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার অবস্থান করবে বলেও ঘোষণা দেন নৌপরিবহন মন্ত্রী।