বিএনপি-জামায়াত শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দিচ্ছে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি-জামায়াত এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা শিক্ষার্থীদের রাজপথে ঠেলে দিয়ে আন্দোলনের উসকানি দিচ্ছে। প্রকৃতপক্ষে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে আবারও অস্থিতিশীল করার চক্রান্ত করছে।’ 

আজ রোববার সন্ধ্যায় নাটোরে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত প্রয়াত আওয়ামী লীগ নেতা শংকর গোবিন্দ চৌধুরীর স্মরণ সভায় তিনি এ সব কথা বলেন।
ভ্যাট নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি-জামায়াতের উসকানি আছে উল্লেখ করে হানিফ বলেন, ‘আমি দেখেছি বৃহস্পতিবার আমাদের সন্তানেরা যারা রাজপথে ছিল এই আন্দোলনের নামে, তাঁদের অনেকেই উসকানি দিচ্ছে। ওখানে বিএনপির বুদ্ধিজীবী ‘থিংক ট্যাঙ্ক’ তাদের মদদ দিচ্ছে। বিএনপির অনেক নেতা-কর্মী ওদের উসকানি দিচ্ছে। এটাকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র এখনেই ধ্বংস করে দিতে হবে। এই ষড়যন্ত্র পুরোপুরি বিনাশ করে দিতে হবে। আমি আশা করছি, এই সমস্যার আমরা সমাধান করতে পারব।’
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপের বিষয়টি পুনর্বিবেচনার জন্য অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করে হানিফ বলেন, এই মুহূর্তে ছাত্রদের ওপর ভ্যাট চাপানো উচিত নয়। দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষ জায়গা জমি বিক্রি করে তাঁদের সন্তানদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি পরিশোধ করেন। এ অবস্থায় ভ্যাট আরোপ করে তাঁদের ওপর বাড়তি খরচ চাপানো উচিত হয়নি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে হানিফ বলেন, রাজপথে নেমে আন্দোলন করার দরকার নেই। প্রধানমন্ত্রী শিক্ষাকে সব সময় প্রাধান্য দিয়ে আসছেন। শিক্ষার্থীদের সমস্যা নিয়ে শিগগিরই আলোচনা করে তিনি সমাধান দেবেন।
নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান আলীর সভাপতিত্বে স্মরণ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সাংসদ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম, নাটোর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদ, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম ও বর্তমান সহসভাপতি এবং শংকর গোবিন্দ চৌধুরীর কন্যা উমা চৌধুরী বক্তৃতা দেন। নাটোর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এই স্মরণসভার আয়োজন করে।