বিএনপি-জামায়াতের ছাতার নিচে গুপ্তহত্যাকারীদের আস্তানা : ইনু
বিএনপি-জামায়াতের ছাতার নিচেই গুপ্তহত্যাকারী জঙ্গিদের আস্তানা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, জঙ্গি ও গুপ্তহত্যাকারীরা যমজ অপরাধী। সমাজ ও রাজনীতিকে নিরাপদ করতে এদের এবং এদের পাহারাদার উভয়কেই দমন করতে হবে।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্মীয় জঙ্গিবাদীদের হাতে ধারাবাহিক হত্যাকাণ্ড প্রতিরোধ এবং হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা মহানগর জাসদ আয়োজিত মানববন্ধনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, অতীতের স্বৈরশাসক ও বিএনপি-জামায়াত চক্রই বিচারহীনতার অপসংস্কৃতির প্রবক্তা। শেখ হাসিনার সরকার সেই অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠা করছে। আর ঠিক সেই সময়েই বিচারহীনতার প্রবক্তাদের ছাতার নিচে গুপ্তহত্যা ও জঙ্গি অপতৎপরতা মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে।
তথ্যমন্ত্রী বলেন, এ কারণেই রাজনীতি ও সমাজকে নিরাপদ করতে একদিকে যেমন গুপ্তহত্যাকারী-জঙ্গিদের দ্রুত বিচার করতে হবে, তেমনি পাহারাদারদেরও দমনের বিকল্প নেই।
ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক সাংসদ শিরীন আখতার, সহসভাপতি শাহ জিকরুল আহমেদ, হাবিবুর রহমান শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আনোয়ারুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান প্রমুখ।