বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতায় সিরিজ হামলা: স্বেচ্ছাসেবক লীগ

২০০৫ সালে সারা দেশে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একযোগে সিরিজ বোমা হামলা তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ-পরোক্ষ পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে দাবি করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এসব সন্ত্রাসবাদ-জঙ্গিবাদের মূলোৎপাটন করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।
আজ বুধবার দুপুরে রাজধানীর ফার্মগেট থেকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা পর্যন্ত এক মানববন্ধনে সংগঠনটির শীর্ষ নেতারা এসব কথা বলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলার ১১ বছর পূর্তি উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার বলেন, খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের প্রত্যক্ষ-পরোক্ষ মদদে সারা দেশে জঙ্গিরা বোমা হামলা চালায়। রাষ্ট্রের সর্বোচ্চ মদদ ছাড়া এ ধরনের হামলা সম্ভব নয়। আজ হোলি আর্টিজানসহ যেখানেই হামলা হচ্ছে, সেখানে এসব জঙ্গিরা হামলা করছে।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাংসদ পঙ্কজ দেবনাথ বলেন, বিএনপি-জামায়াত বর্তমানে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে, দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ব্যর্থ করে দিতে এখনো পৃষ্ঠপোষকতা করছে। এসব সন্ত্রাস-জঙ্গিবাদের মূলোৎপাটন করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ জন্য শপথ নিয়ে এগিয়ে যাবেন স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেক নেতা-কর্মী।
মানববন্ধনে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল হাসানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে সংগঠনটি মানববন্ধন করে।