বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মুজিবুল হক খান-ফয়সল ইকবাল চৌধুরী পরিষদ। আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাচিপ (স্বাধীনতা চিকিৎসক পরিষদ) থেকে এবার দুটি পরিষদ নির্বাচন করে। দুই পরিষদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হলেও ভোটের ফলে এর প্রতিফলন ঘটেনি। দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন চিকিৎসকেরা বলছেন, মুজিবুল-ফয়সল পরিষদের বিশাল জয়ের পেছনে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে বিএনপি-জামায়াতপন্থী চিকিৎসকদের ভোট। এর সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের ভোটও এই পরিষদের পক্ষে গেছে।
এবার নির্বাচনে স্বাচিপের দুটি পক্ষ ছাড়া বিএনপি কিংবা জামায়াতের কোনো পরিষদ ছিল না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও বিএনপি-জামায়াতপন্থী চিকিৎসকদের বিশাল একটি অংশ ভোট দিয়েছেন।
নির্বাচনে জয়লাভ করা মুজিবুল হক-ফয়সল পরিষদ চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন মাহমুদ-আ ম ম মিনহাজুর রহমান পরিষদ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আশীর্বাদপুষ্ট।
চিকিৎসকেরা জানান, ২০১২ সালের বিএমএ নির্বাচনে বিএনপি ও জামায়াতের যৌথ প্যানেল ছিল। বিএনপি-জামায়াতের প্রত্যেক প্রার্থী গড়ে প্রায় ৬০০ ভোট পেয়েছিলেন। আ ম ম মিনহাজুর রহমান স্বাচিপের বিদ্রোহী হিসেবে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ভোট পান ১ হাজার ১টি। আর স্বাচিপের মূলধারার সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন মোহাম্মদ শরীফ। তিনি ১ ভোট বেশি পেয়ে জয়ী হন। এবার মিনহাজুর রহমান পেয়েছেন ৯৫৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ফয়সল ইকবাল পেয়েছেন ২ হাজার ২৬৮ ভোট।
ওই ভোটের হিসাব তুলে ধরে কয়েকজন চিকিৎসক বলেন, বিএনপি ও জামায়াতের ভোটাররা এবার মুজিব-ফয়সল পরিষদকে ভোট দিয়েছেন। এবার ভোটার ছিলেন ৪ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ৩ হাজার ২৪৬টি ভোট পড়েছে। মোট ভোটের দুই-তৃতীয়াংশই পেয়েছে মুজিব-ফয়সল পরিষদ।
চিকিৎসকেরা জানান, প্রায় সাড়ে ৪ হাজার ভোটারের মধ্যে অন্তত ১ হাজার ৪০০টি ভোট রয়েছে বিএনপি জামায়াতের। এর মধ্যে সহস্রাধিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ওই ভোটের বেশির ভাগ মুজিব-ফয়সলের বাক্সে ঢুকেছে বলে তাঁদের ধারণা।
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খুরশিদ জামিল অবশ্য ভোটের এই হিসাব নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে ড্যাবের এক নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, ‘বিজয়ীরা কীভাবে এত ভোট পেয়েছেন, তা আপনিও জানেন আমিও জানি। আমাদের লোকজন তাঁদের ভোট না দিলে এত ভোট কীভাবে পান তাঁরা।’
এ বিষয়ে বিএমএ চট্টগ্রামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী বলেন, ‘আমি ড্যাব-এনডিএফ (জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন) বুঝি না। কাউকে আমি বিএনপি-জামায়াত হিসেবে বিবেচনা করি না। আমি সবাইকে চিকিৎসক হিসেবে দেখি। সর্বস্তরের চিকিৎসকেরা আমাদের ভোট দিয়ে অতীত কাজের মূল্যায়ন করেছেন।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরাও জয়-পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মনে করেন অনেক চিকিৎসক। মেডিকেলে এখন প্রায় ২০০ ইন্টার্ন ও ১৫০ জনের বেশি চিকিৎসক বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে নিয়োজিত রয়েছেন। তাঁদের ভোটও গেছে মুজিব ফয়সল পরিষদের দিকে।
আ ম ম মিনহাজুর রহমান বলেন, ‘বিএনপি-জামায়াতের বেশির ভাগ ভোট তাঁদের (মুজিব-ফয়সল) পক্ষে গেছে। এ ছাড়া মেডিকেল কলেজের প্রায় ২০০ ইন্টার্ন চিকিৎসক ও কলেজে বিভিন্ন ট্রেনিংয়ে থাকা ১৫০ জন জুনিয়র চিকিৎসকও তাঁদের পক্ষে ছিলেন। তাঁরা যেসব বুথে ভোট দিয়েছেন সেখানে আমরা কোনো ভোট পাইনি। কারণ, মেডিকেলে আমাদের প্রচার চালাতে দেওয়া হয়নি।’
এ বিষয়ে স্বাচিপের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, জুনিয়র চিকিৎসকদের মধ্যে মুজিব-ফয়সল পরিষদ জনপ্রিয়। তাই তারা ওই ভোটগুলো পেয়েছে বলে ধারণা। এ ছাড়া সর্বস্তরের চিকিৎসকেরাও তাদের ভোট দিয়েছেন।