বিএনপি-জামায়াতের সঙ্গে সংলাপ করবে না আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। গতকাল শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এ অভিমত ব্যক্ত করা হয়। বৈঠক শেষে ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।
গতকাল দিনভর ১৪ দলের সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ, ঢাকা মহানগরের দলীয় সংসদ সদস্য, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) ও নারী সংগঠনের নেতারা, পেশাজীবী সমন্বয় পরিষদ (আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী), আলেম-ওলামা-মাশায়েখ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের মতবিনিময় হয়।
মোহাম্মদ নাসিম বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশিদের উদ্বেগের কোনো গুরুত্ব নেই। কোনো ঘটনাকে কেন্দ্র করে বিদেশিদের উদ্বেগ প্রকাশ করা তাদের দৈনন্দিন কাজ। এ নিয়ে সরকারের মাথাব্যথা নেই। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত থাকা বিএনপির সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না। আর বিএনপি-জামায়াতের সন্ত্রাসনির্ভর আন্দোলন নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। জনগণ ইতিমধ্যে তাদের প্রতিরোধ করা শুরু করেছে। কারণ বিশ্বের কোনো দেশে সন্ত্রাসীরা জয়লাভ করতে পারেনি। জনগণই জয়লাভ করেছে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান, সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন, জাসদের মইনউদ্দিন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির শাহাদাৎ হোসেন, সাংস্কৃতিক সংগঠনের নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুস, ফকির আলমগীর, পান্না কায়সার, শ্যামলী নাসরিন চৌধুরী, শমী কায়সার প্রমুখ।
ঢাকার ১৩টি স্থানে মানববন্ধন: নাশকতার প্রতিবাদে কাল রোববার ঢাকাসহ সারা দেশে ১৪ দলের মানববন্ধন হবে। ঢাকা মহানগরের ১৩টি স্থানে কর্মসূচি পালন করবে নগর ১৪ দল। স্থানগুলোর মধ্যে রয়েছে গাবতলী থেকে টেকনিক্যাল হয়ে শ্যামলী, শ্যামলী থেকে কলেজগেট হয়ে ২৭ নম্বর রোড, রাসেল স্কয়ার, গ্রিন স্কয়ার হয়ে বসুন্ধরা মার্কেট, সোনারগাঁও হোটেল থেকে বাংলামোটর, রূপসী বাংলা হয়ে শাহবাগ, শাহবাগ থেকে মৎস্য ভবন, মৎস্য ভবন থেকে প্রেসক্লাব হয়ে পল্টন মোড়, পল্টন মোড় থেকে নূর হোসেন স্কয়ার হয়ে গুলিস্তান মোড়, বঙ্গবন্ধু স্কয়ার থেকে ইত্তেফাক মোড়, ইত্তেফাক মোড় থেকে রাজধানী মার্কেট, রাজধানী মার্কেট থেকে সায়েদাবাদ এবং সায়েদাবাদ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত। ১৪ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন এসব স্থানে।