বিএনপি জোটভুক্ত এনপিপির ইফতার বাতিল
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি-একাংশ) আয়োজিত ইফতার অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পুলিশ ‘না’ করায় হোটেল সোনারগাঁও কর্তৃপক্ষ এনপিপির বুকিং বাতিল করেছে বলে অভিযোগ করেছে দলটি।
হোটেল সোনারগাঁওয়ে আজ রোববার এই ইফতারে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা ছিল।
এনপিপির এই অংশের সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ প্রথম আলোকে বলেন, হোটেল কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে, রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হোটেল কর্তৃপক্ষকে বলেছেন, এনপিপির নামে ইফতার আয়োজন করা যাবে না। এ কারণে হোটেল কর্তৃপক্ষ বুকিং বাতিল করে।
এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান প্রথম আলোকে বলেন, এনপিপি শওকত হোসেন নীলুর নামে নিবন্ধিত দল। একটি বিদ্রোহী অংশ এই ইফতারের আয়োজন করতে চেয়েছিল। বিষয়টি নিয়ে নীলুর অংশ আদালতের দ্বারস্থ হলে ঢাকার চতুর্থ সাব-জজ আদালত এই ইফতার আয়োজনে ইনজেংশন জারি করেন। এর একটি কপি রমনা থানা-পুলিশ ও আরেকটি কপি হোটেল কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। রমনা থানা-পুলিশ আজ সকালে সোনারগাঁও হোটেলে গিয়েছিল হোটেল কর্তৃপক্ষ চিঠি পেয়েছে কি না, তা জানতে।
প্রসঙ্গত, ২০১৪ সালের আগস্টে বিএনপি জোট থেকে বেরিয়ে যান এনপিপির সভাপতি শওকত হোসেন নিলু। তাঁর এ সিদ্ধান্তের বিরোধিতা করে তখনকার মহাসচিব ফরিদুজ্জামান এনপিপি নামেই দল করে বিএনপি জোটে থেকে যান এবং তিনি হন এনপিপির এই অংশের সভাপতি। সম্প্রতি নির্বাচন কমিশন এনপিপির নির্বাচনী প্রতীক ‘আম’ বরাদ্দ দিয়েছে নিলুর নেতৃত্বাধীন অংশকে।