বিএনপি জোটে 'অণু-পরমাণু' নিয়ে টানাটানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটে :চলছে। এরই মধ্যে এমন পাঁচটি দল জোট থেকে বেরিয়ে আরও কয়েকটি নামসর্বস্ব দলকে সঙ্গে নিয়ে আলাদা জোট করছে। আজ বৃহস্পতিবার ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) নামের নতুন এই জোটের ঘোষণা দেওয়া হবে।
এদিকে বিএনপির পক্ষ থেকেও পাল্টা তৎপরতা চলছে। বিএনপির একাধিক সূত্র জানায়, যেসব দল জোট থেকে বেরিয়ে যাচ্ছে, এক-দুজনকে দিয়ে ওই দলগুলোর ভগ্নাংশ জোটে রেখে ২০ দলের সংখ্যা ঠিক রাখার কৌশল নেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে জোটের একাধিক নেতা বলেন, জোটের পরিধি বাড়ানো ছাড়া ক্ষুদ্র এসব দলের রাজনীতিতে কোনো ভূমিকা নেই। বিএনপি ও আওয়ামী লীগের তুলনায় এসব দল ‘অণু’ সমতুল্য। আর এসব অণু ভেঙে যে ভগ্নাংশ জোটে রাখা হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে, সেগুলোকে ‘পরমাণু’ বলা যায় বলে এসব নেতা মন্তব্য করেন।
অবশ্য বিএনপি নেতারা অভিযোগ করছেন, সরকারের একটি সংস্থার পৃষ্ঠপোষকতায় ২০-দলীয় জোট থেকে বিভিন্ন দলকে বের করে নিয়ে আলাদা জোট করা হচ্ছে।
দৃশ্যত নতুন এই জোটের উদ্যোক্তা ২০-দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শওকত হোসেন। তিনি গত ২৫ আগস্ট বিএনপি জোট ছাড়েন। তবে তাঁর দলের একাংশ বিএনপি জোটে রয়েছেন।
শওকত হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ১০টি দল নিয়ে আজ বৃহস্পতিবার তাঁদের নতুন জোট এনডিএফের ঘোষণা দেওয়া হবে। দলগুলো হলো এনপিপি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি-আলমগীর), ইসলামিক পার্টি (রশীদ), মুসলিম লীগ (জোবাইদা কাদের), ন্যাপ ভাসানী (আনোয়ার), লেবার পার্টি (মনি), তৃণমূল ন্যাপ (পারভীন ভাসানী), ভাসানী মঞ্চ (মমতাজ), ইনসাফ পার্টি (শহীদ চৌধুরী) ও জাগদল।
এর মধ্যে এনপিপি ও ন্যাপ ভাসানী (আনোয়ার) ইতিমধ্যে বিএনপি জোট ছাড়ার ঘোষণা দিয়েছে। এনডিপি, মুসলিম লীগ এখনো জোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে এনডিপির মহাসচিব আলী নুর চৌধুরী ও মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম প্রথম আলোকে জানান, তাঁরা নতুন জোটে যাচ্ছেন।
ইসলামিক পার্টির মহাসচিব এ রশীদ প্রধান বলেন, বিএনপি জোট ছেড়ে নতুন জোটে যাওয়ার ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। কার সঙ্গে আলোচনা করবেন, সেটা অবশ্য তিনি স্পষ্ট করেননি।
বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেছেন, নতুন এই জোট হলেও তাতে ২০-দলীয় জোটের কোনো ক্ষতি হবে না। এ নিয়ে বিএনপি চিন্তিত নয়।
বিএনপির অপর একটি সূত্র জানায়, এখন পর্যন্ত যে পাঁচটি দল জোট ছাড়ছে বলে জানা গেছে, সেগুলোর প্রতিটিরই ভগ্নাংশ একই নামে ২০ দলে থাকছে। এখন কার্যত এই জোটে ১৩টি পূর্ণাঙ্গ দল ও সাতটি দলের ভগ্নাংশ আছে।
এই জোটের নেতাদের দাবি, নব্বইয়ের দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় জোটের রাজনীতির যে চর্চা শুরু হয়, সেই থেকে এখন পর্যন্ত সব জোটেই ছোট ছোট দলগুলো ঠাঁই পেয়ে আসছে। বিএনপির ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে সরকাির একটি মহল চাপ ও প্রলোভন দেখিয়ে জোট ভাঙার চেষ্টা করছে।
এ বিষয়ে ২০ দলের শরিক দল জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রথম আলোকে বলেন, ‘এজেন্সি দিয়ে খেলা করে সামরিক শাসকেরা। আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলের পক্ষে এটি মানায় না।’ তবে নতুন জোটের উদ্যোক্তা শওকত হোসেন দাবি করেন, তাঁদের ছোট করার জন্য এ অভিযোগ আনা হচ্ছে।