বিএনপি-জোটের বিক্ষোভ রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী রোববার সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এর আগে আগামী শনিবার এ কর্মসূচির ঘোষণা দিয়েছিল ২০-দলীয় জোট।

আজ বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে জোটের পক্ষ থেকে এ কথা জানানো হয়। বিকেলে জোটের এক বিজ্ঞপ্তিতে শনিবার কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল, পরে তা পরিবর্তন করে রোববার করা হয়। শনিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী থাকায় এদিন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
বিজ্ঞপ্তির সঙ্গে একটি লিফলেটও দেওয়া হয়। এতে বলা হয়, বিদ্যুৎ, গ্যাস ও সিএনজির দাম বাড়ানোর ফলে অনিবার্যভাবেই মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে। গ্যাস-বিদ্যুৎ-সিএনজির ‘অযৌক্তিক’ মূল্যবৃদ্ধির প্রতিবাদে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানানো হয় তাতে।
গত বছরের ডিসেম্বরে বিএনপি হুমকি দিয়ে রেখেছিল, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। সরকার ১ সেপ্টেম্বর থেকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ৩০ আগস্ট জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে বিক্ষোভ কর্মসূচি দেওয়ার বিষয়টি প্রাধান্য পেয়েছিল। এরপর আজ এ কর্মসূচির ঘোষণা এল।