বিএনপি থাকবে কি না, মীমাংসা এখনই: ইনু
বিএনপি রাজনীতি করতে পারবে কি না, এখন সেই প্রশ্ন মীমাংসার সময় এসেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি জাসদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সিদ্ধান্ত নিতে হবে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে থাকবে কি না।’
আজ রোববার ময়মনসিংহ টাউন হল মাঠে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ময়মনসিংহ শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশে ইনু বলেন, ‘যদি এ দেশে রাজনীতি করতে চান, তাহলে খালেদা জিয়াকে আগে প্রমাণ করতে হবে যে তিনি রাজাকার, জঙ্গি ও আগুন–সন্ত্রাসের নেত্রী না। অনেকেই বলেন, বিএনপির রাজনীতি নিয়ে আমি অগণতান্ত্রিক কথা বলি। কিন্তু আমার প্রস্তাব অগণতান্ত্রিক না। গণতন্ত্রকে স্থায়ী নিরাপত্তা দিতে জঙ্গি খালেদা জিয়াকে ক্ষমতা দখল করতে দেওয়া হবে না। খালেদার হাত ধরে বাংলাদেশের মাটিতে আর জঙ্গিদের ঘাঁটি গড়তে দেওয়া হবে না।’
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় খালেদা জিয়ার সমালোচনা করে ইনু বলেন, যারা মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করে, তারা হয় পাগল, না হয় আহাম্মক।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সময়মতো নির্বাচন নিয়ে গণতন্ত্রকে টিকিয়ে রেখেছে। আগুন–সন্ত্রাসের নেত্রী নির্বাচনে না এলে তাঁর জন্য মায়াকান্না করার কোনো দরকার নেই।
সম্মেলনের উদ্বোধনী পর্বে ময়মনসিংহ জেলা জাসদের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদ নুরুল আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, নাজমুল হক প্রধান, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ শিরীন আখতার, লুৎফা তাহের প্রমুখ।