বিএনপি থেকে আ.লীগে ভিড়েই পেলেন নৌকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গোহাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান আলী আতোয়ার আওয়ামী লীগে যোগ দিয়ে কয়েক দিনের মধ্যেই দলীয় মনোনয়ন পেয়েছেন।
ইউপি নির্বাচন সামনে রেখে দলে ভেড়া এই নেতাকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। আতোয়ার ইতিমধ্যে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
আতোয়ারকে দলীয় মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের স্থানীয় অনেক নেতা ক্ষুব্ধ। গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান তাঁর ছেলে আবদুল হাকিমকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। এ ছাড়া বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আলী ইমাম। তিনি আতোয়ারের আপন ভাতিজা।
এ ছাড়া এই ইউপিতে যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মতিন বিএনপির প্রার্থী এবং ইউনিয়ন জামায়াতের আমির শহীদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
আলী আতোয়ার গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘নিন্দুকেরা যাই বলুন না কেন, আমি দলীয় মনোনয়নের জন্য আওয়ামী লীগে যোগ দিইনি। ২৪ বছর ধরে চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদে ছিলাম। কিন্তু ইউনিয়ন-উপজেলা কোনো কমিটিতেই স্থান হয়নি। আমার বহু কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। বিএনপির কোনো সহযোগিতা পাইনি। বাধ্য হয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি।’
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের কার্যালয়ে তাঁর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন আলী আতোয়ার। তবে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, এর আগেই ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নের ব্যাপারে জেলা সভাপতির পক্ষ থেকে সবুজ সংকেত পান তিনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশার বলেন, আলী আতোয়ার ডিগবাজ নেতা। তিনি বিএনপির কারণেই এত দিন চেয়ারম্যান পদে ছিলেন। এখন সুযোগ বুঝে নৌকায় উঠে পড়েছেন। তবে তিনি ভরাডুবি থেকে রক্ষা পাবেন না।