ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন লিয়াকত আলী। লিয়াকত বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেই মনোনয়ন পাওয়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেছেন। এ ছাড়া উপজেলায় আওয়ামী লীগের চারজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
কোলা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নাসির উদ্দিন দলের মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এ ঘটনায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। মনোনয়নবঞ্চিত হয়ে লতব্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হকও বিদ্রোহী প্রার্থী হয়েছেন। দল তাঁকেও বহিষ্কার করেছে।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, কোলা, লতব্দি ছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন বয়রাগাদি ও মালখানগর ইউনিয়নে। বয়রাগাদিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান। দল তাঁকেও বহিষ্কার করেছে। মালখানগরে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা আক্তার। এখানে বিদ্রোহী নাজমা বেগম। সানজিদার স্বামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ। নাজমা মহিউদ্দিনের ভাই সালাউদ্দিন আহমেদের স্ত্রী।
কাল ২২ মার্চ উপজেলায় ১০ ইউনিয়নে নির্বাচন হবে। নয়টিতে বিএনপির প্রার্থী রয়েছেন। জৈনসার ইউনিয়নে শুধু আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম থাকায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। তবে চার ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বিদ্রোহীরা।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, যেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন, সেখানে নির্বাচনের দিন সহিংসতার ঘটনা ঘটতে পারে। তবে ১৪ মার্চ মধ্যপাড়া ইউনিয়নের বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণার সময় তাঁদের মাইক ভেঙে ফেলা হয়। বিএনপির প্রার্থী আলিম আল রাজি এ ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী করিম শেখকে দায়ী করে থানায় অভিযোগ দেন।
লতব্দি ইউনিয়নের ভোটার কবির হোসেন বলেন, এখানে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ। মনোনয়ন নিয়ে ভুল সিদ্ধান্তের কারণে এখানে আওয়ামী লীগ বিভক্ত হয়ে পড়েছে। এ ইউনিয়নে আওয়ামী লীগের নেতা-কর্মীরা চরম সমস্যার মধ্যে আছেন। এ সুযোগ বিএনপি কাজে লাগাতে চাইছে।
লতব্দি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণায় মোটরসাইকেল ব্যবহার করা হলেও কোনো বাধা দেওয়া হচ্ছে না। আমার পক্ষে মোটরসাইকেল নামার কারণে জরিমানা করা হয়। আমাদের নানাভাবে চাপের মধ্যে রাখা হয়েছে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান বলেন, যাঁরা দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন, তাঁদের বহিষ্কার করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আফজাল হোসেন বলেন, ‘নির্বাচনে প্রচারণায় বাধা দেওয়ার যে কটি অভিযোগ পেয়েছি, তা তাৎক্ষণিকভাবে সমাধান করেছি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’