বিএনপি থেকে শাহরিয়ার রুমীর পদত্যাগ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা বিএনপির সহসভাপতি এম এম শাহরিয়ার রুমী গতকাল রোববার দল থেকে পদত্যাগ করেছেন। একসময়ের নিজেদের এই নেতা বিএনপি ত্যাগ করায় তাঁকে সাধুবাদ জানিয়েছে রুমীর এলাকা ভাঙ্গা উপজেলা ও জেলা আওয়ামী লীগ। আর পদত্যাগে ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা ও জেলা বিএনপি।
বিএনপিত্যাগী এম এম শাহরিয়ার রুমী তাঁর আগের দল আওয়ামী লীগে ফিরতে চান বলে গতকাল প্রথম আলোকে জানিয়েছেন। পদত্যাগের কারণ প্রসঙ্গে রুমী গতকাল বলেন, ‘আমি আওয়ামী পরিবারের সন্তান। বিশেষ কারণে আমার কর্মীদের রক্ষার জন্য বিএনপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু মানসিক স্বস্তি পাইনি। আমি পরিচয়হীনতায় ভুগছিলাম।’
জেলা বিএনপির সভাপতি জহুরুল হক ওরফে শাহজাদা মিয়া বলেন, ‘রুমী সাহেব যখন বিএনপিতে আসেন, তখন কোনো চাপে আসেননি, নিজ ইচ্ছায় এসেছিলেন। বিএনপি অনেক বড় দল। তাই দল থেকে দু-একজন চলে গেলে দলের কোনো ক্ষতি হবে না।’